• facebook
  • twitter
Tuesday, 24 February, 2026

তারেকের ডু ইউ নাউ নীতি, সরকারি কর্মচারীদের হাজিরায় কড়াকড়ি

প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার মন্ত্রীপরিষদ সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের সময়ে অফিসে হাজিরার বিষয়ে সতর্ক করেছেন

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত কার্যকর করার বার্তা দিয়েছেন। গত সাত দিনে  সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ‘ফ্যামিলি কার্ড’ চালুর বিষয়টি। মঙ্গলবারও সচিবালয়ে পদস্থ কর্মকর্তাদের ও একাধিক মন্ত্রীর সঙ্গে এ নিয়ে বৈঠক করেন তিনি। শপথের পর প্রথম বৈঠকেই প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে দেন, ফ্যামিলি কার্ড দ্রুত চালু করাই তাঁর অগ্রাধিকার।

এবারের নির্বাচনে বাংলাদেশ বিএনপির প্রধান প্রতিশ্রুতিই ছিল এই ফ্যামিলি কার্ড। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি পরিবার ওই কার্ডের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা বিনামূল্যে বা স্বল্পমূল্যে পাবে। সরকারের এক পদস্থ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী ‘ডু ইট নাউ’ নীতিতে কাজ করছেন—অর্থাৎ জরুরি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। কোনও কাজ ফেলে রাখা যাবে না। খুব শিগগিরই তিনি এ বিষয়ে সরকারের অবস্থান আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন বলেও জানা গিয়েছে।

Advertisement

বিএনপির এক স্থায়ী কমিটির নেতা বলেন, জনগণ বিপুল সমর্থন দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়েছে। সেই আস্থার প্রতিদান দেওয়া এখন দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসমর্থন ধরে রাখা কঠিন, আর সে কারণেই প্রধানমন্ত্রী মন্ত্রী ও কর্মকর্তাদের কার্যকর ও দ্রুত কাজ করার নির্দেশ দিচ্ছেন।

Advertisement

প্রধানমন্ত্রীর নির্দেশে মঙ্গলবার মন্ত্রীপরিষদ সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মচারীদের সময়ে অফিসে হাজিরার বিষয়ে সতর্ক করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি কর্মচারীদের নির্দিষ্ট সময়ে অফিসে আসতে হবে এবং সরকারি কাজ সম্পন্ন করতে হবে দ্রুততার সঙ্গে। ‌ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক সম্পর্কে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।

সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুসারে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি ও দায়িত্ব পালনের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। ছুটির আগে যথাযথ অনুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, নতুন সরকারের সূচনালগ্নেই দ্রুত কাজ করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

 

Advertisement