• facebook
  • twitter
Tuesday, 17 February, 2026

মোদী-ম্যাক্রোঁ বৈঠক শেষে ২০টি বিষয়ে দুই দেশের চুক্তি

ভারতকে মহাকাশ প্রযুক্তি বিক্রি করবে ফ্রান্স

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক চুক্তির পর আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ভারত। মঙ্গলবার প্রতিরক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি, স্বাস্থ্য, জ্বালানি ও বাণিজ্য-সহ মোট ২০টি ক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে একাধিক চুক্তি স্বাক্ষর করল দিল্লি। মুম্বাইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর আনুষ্ঠানিক ভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

তিন দিনের সফরে সস্ত্রীক ভারতে এসেছেন ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে তাঁর বিমান মুম্বাইয়ে অবতরণ করে। মঙ্গলবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী, দুই দেশের রাষ্ট্রপ্রধান বৈঠকে বসেন। আলোচনায় কৌশলগত অংশীদারিত্ব, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, প্রযুক্তিগত বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্যিক সম্পর্ক গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছন দুই রাষ্ট্রপ্রধান।

Advertisement

এর আগে দিল্লিতে আন্তর্জাতিক এআই সম্মেলনেও যোগ দেন ম্যাক্রোঁ। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ও নৈতিক ব্যবহারের প্রসঙ্গ উঠে আসে। মুম্বাইয়ে যৌথ সাংবাদিক বৈঠকে মোদী বলেন, ‘বিশ্ব বর্তমানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।‘  তিনি আরও বলেন, ফ্রান্স ভারতের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু।

Advertisement

ম্যাক্রোঁ প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন, ‘রাফাল জেট থেকে সাবমেরিন, দুই দেশই যৌথ উদ্যোগে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে।‘ তাঁর বক্তব্য, ভারত ফ্রান্সের অন্যতম নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার। যদিও ২০টি চুক্তির বিস্তারিত শর্ত এখনও প্রকাশ্যে আসেনি, তবে দুই দেশের নেতৃত্বই জানিয়েছেন, এই সমঝোতা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

অন্যদিকে ভারতের কাছে মহাকাশ প্রযুক্তি বিক্রি করতে চলেছে ফ্রান্স। ফ্রান্সের সংস্থা এক্সোট্রেলের সঙ্গে চুক্তি হয়েছে তিন ভারতীয় সংস্থা ধ্রুব স্পেস, পিক্সেল এবং এক্সডিলিঙ্ক্‌স ল্যাবসের। মঙ্গলবার দুপুরে এক্সোট্রেল নিজেই এই চুক্তির কথা ঘোষণা করেছে। এক্সোট্রেল মূলত বিভিন্ন মহাকাশ প্রযুক্তি তৈরি করে।মঙ্গলবার মোদীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠকের আগেই এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার দুপুরে এক্সোট্রেল জানায়, তারা এই সংস্থাগুলিকে মহাকাশযানের জন্য ‘প্রপালশন সিস্টেম’ সরবরাহ করবে। যদিও চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। ধ্রুব স্পেস মূলত কৃত্রিম উপগ্রহ নির্মাণে যুক্ত। বেঙ্গালুরু-ভিত্তিক পিক্সেল পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট ও সংশ্লিষ্ট পরিকাঠামো তৈরি করে। এক্সডিলিঙ্ক্‌স ল্যাবস ছোট উপগ্রহের নকশা ও প্রযুক্তি উন্নয়নে কাজ করে। পিক্সেল ইতিমধ্যেই বিবৃতিতে জানিয়েছে, তাদের নির্মীয়মাণ স্যাটেলাইটে এক্সোট্রেলের প্রপালশন প্রযুক্তি ব্যবহার করা হবে এবং ২০২৭ সালের মধ্যে সিস্টেমগুলি হাতে পাওয়ার আশা রয়েছে।

প্রতিরক্ষা ক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা আগেই তৈরি হয়েছে। ফরাসি সংস্থার তৈরি রাফাল যুদ্ধবিমান ইতিমধ্যেই ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়েছে, এবং আরও কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছে দিল্লি। সেই প্রেক্ষাপটে মহাকাশ প্রযুক্তিতেও এই নতুন অংশীদারিত্ব ভারত-ফ্রান্স সম্পর্ককে আরও গভীর করল বলে মনে করা হচ্ছে।

 

 

 

Advertisement