• facebook
  • twitter
Tuesday, 10 February, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ হোয়াইট হাউসের

হোয়াইট হাউস একটি ফ্যাক্টশিট প্রকাশিত করেছে

দেশের রাজনীতিতে এখন একটাই আলোচ্য বিষয় ভারত-আমেরিকার মধ্যেকার বাণিজ্যচুক্তি স্বাক্ষর। বাণিজ্যচুক্তি স্বাক্ষরের আগে বেশ কয়েকটি বিষয় নিয়ে কথাবার্তা চলছে ভারত এবং আমেরিকার মধ্যে।

ডোনান্ড ট্রাম্পের ‘শূন্য শুল্ক’ দাবির মাঝেই বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হোয়াইট হাউস। নতুন এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউস একটি ফ্যাক্টশিট প্রকাশিত করেছে। সেখানে দেখা গিয়েছে পারস্পরিক শুল্ক কাঠামোয় বড়সড় বদল রয়েছে।

Advertisement

ভারতীয় পণ্যের উপর আমেরিকার চাপানো ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছে ওয়াশিংটন। রুশ তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে ভারতীয় আমদানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন।

Advertisement

ভারত আমেরিকার জন্য ‘শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামাতে’ রাজি হয়েছে। হোয়াইট হাউস এ বিষয়ে জানিয়েছে, এর অর্থ সব পণ্যের উপর অবিলম্বে শুল্ক তুলে নেওয়া নয়। নির্দিষ্ট কিছু শিল্প ও কৃষিপণ্যে ধাপে ধাপে শুল্ক কমানো বা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছে ভারত।

আমেরিকার সব শিল্পপণ্য এবং বিস্তৃত পরিসরের খাদ্য ও কৃষিপণ্যের উপর শুল্ক ‘কমানো বা তুলে নেওয়ার’ ব্যাপারে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর মধ্যে রয়েছে ড্রাইড ডিস্টিলার্স গ্রেন (ডিডিজি), লাল জোয়ার, বিভিন্ন ধরনের বাদাম, তাজা ও প্রক্রিয়াজাত ফল, কিছু ডাল, সয়াবিন তেল, ওয়াইন ও মদ-সহ আরও নানা পণ্য।

পরিষেবা ও বিনিয়োগ, শ্রম, সরকারি ক্রয়-সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চালাচ্ছেন দুই দেশের আধিকারিকেরা। ‘ফ্যাক্ট শিট’-এ বলা হয়েছে, ‘পারস্পরিক লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য-সমঝোতা’ শেষ করার লক্ষ্যে অন্তর্বর্তী সমঝোতা চূড়ান্ত করতে কাজ করছে ভারত এবং আমেরিকা।

হোয়াইট হাউসের দাবি, জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি, কয়লা-সহ নানা ক্ষেত্রে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের মার্কিন পণ্য কিনতে পারে ভারত। ডিজিটাল পরিষেবা কর প্রত্যাহার এবং ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত দ্বিপাক্ষিক নিয়মকানুন নিয়ে আলোচনা চালানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এর মধ্যে ইলেকট্রনিক ট্রান্সমিশনের উপর কাস্টমস ডিউটি আরোপ না করার বিষয়টিও রয়েছে।

ট্রাম্প দাবি করেছিলেন, ভারত আমেরিকার পণ্যের উপর থেকে শুল্ক শূন্যে নামাতে রাজি হয়েছে। তাঁর সেই বক্তব্যে ভারতীয় ব্যবসায়ী মহলে উদ্বেগ দেখা দেয়। হোয়াইট হাউসের ব্যাখ্যা, কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে নীতিগত সমঝোতা, সর্বাত্মক শুল্কমুক্ত ঘোষণা নয়।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতার কথা প্রকাশ্যে আসে। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই কাঠামো কার্যকর করা হবে এবং অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনা এগোবে।

Advertisement