• facebook
  • twitter
Sunday, 8 February, 2026

ইসলামাবাদে হামলার পর পাশে থাকার বার্তা চিনের

‘ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনায় চিন স্তম্ভিত। মৃতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি’

শুক্রবার দুপুরে পাকিস্তানের ইসলামাবাদের শিয়া মসজিদের বাইরে আত্মঘাতী বিস্ফোরণ হয়। তার দু’দিন পর মুখ খুলল চিন। পাকিস্তানের পাশে থাকা বার্তা দিয়েছে চিন। জাতীয় সুরক্ষা নিশ্চিত করতে পাক সরকারের পদক্ষেপকে সমর্থন করা হবে বলে জানিয়েছে চিন। ইসলামাবাদের হামলায় ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল পাকিস্তান। ভারতের হাত আছে বলে সরব হয়। তবে এ প্রসঙ্গে সরাসরি কিছু বলেনি চিন।

রবিবার সকালে পাকিস্তানের হামলা নিয়ে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ইসলামাবাদে ভয়াবহ বিস্ফোরণ এবং প্রাণহানির ঘটনায় চিন স্তম্ভিত। মৃতদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ ওই মুখপাত্র আরও বলেন, ‘এই ধরনের হামলার তীব্র বিরোধিতা করছে চিন। আমরা যে কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরোধী। পাকিস্তান সরকার তাদের জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং জনগণকে সুরক্ষিত রাখতে যে পদক্ষেপ করবে, চিন দৃঢ় ভাবে তা সমর্থন করবে।’

Advertisement

ইসলামাবাদের মসজিদ হামলায় এখনও পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ। মুলচক্রীও এর মধ্যে রয়েছে। ওই মূলচক্রী আফগান নাগরিক এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটসের সদস্য বলে দাবি করেছেন পাক মন্ত্রী মহসিন নকভির। তবে হামলার জন্য ভারতের দিকেও আঙুল তুলেছে পাকিস্তান। হামলার অর্থ ভারতই জোগাচ্ছে বলে দাবি করেছেন নকভি নিজে। যদিও বক্তব্যের সপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি ইসলামাবাদ। ভারতের বিদেশ মন্ত্রক কড়া ভাষায় এই দাবির নিন্দা করেছে। গত শুক্রবার নমাজের সময় রাজধানীর শিয়া মসজিদে আত্মঘাতী হামলা চলে। এই হামলায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৬৯ জন। আহতের সংখ্যা কমপক্ষে ১৬৯ জন।  দু’দিন পর তা নিয়ে বিবৃতি দিল চিন।

Advertisement

 

Advertisement