দেশজুড়ে লক্ষ লক্ষ পড়ুয়ার সঙ্গে সরাসরি সংলাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠানের নবম সংস্করণ ফের পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস জাগাল। পড়াশোনা, দক্ষতা গড়ে তোলা, প্রযুক্তির সচেতন ব্যবহার এবং দায়িত্বশীল নাগরিকত্ব—এই চারটি বিষয়ের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী যে পরামর্শ দিয়েছেন, তাকে ‘খুবই তথ্যবহুল’ বলে অভিহিত করেছেন বিভিন্ন রাজ্যের ছাত্রছাত্রীরা।
গুজরাত, বিহার, মধ্যপ্রদেশ ও দিল্লি-সহ নানা প্রান্তের পড়ুয়ারা জানান, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কৌশল, সময় ব্যবস্থাপনা এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ এড়িয়ে চলার বিষয়ে তাঁরা বাস্তবসম্মত দিশা পেয়েছেন। গুজরাতের এক পড়ুয়া বলেন, ‘শুধু পড়াশোনাই নয়, কোন কোন দক্ষতা গড়ে তুলতে হবে—প্রধানমন্ত্রী সেটাও বুঝিয়ে দিয়েছেন।’ আর এক পড়ুয়ার বক্তব্য, ‘সামাজিক মাধ্যমে সময় কাটানোর প্রয়োজন হতে পারে। কিন্তু পড়ার সময়ে সেগুলি থেকে দূরে থাকার কথা তিনি স্পষ্ট করে বলেছেন।’
Advertisement
বিহারের পাটনায় পড়ুয়ারা জানান, পরীক্ষাকে ভয় না পেয়ে শান্ত মাথায় মোকাবিলা করার বার্তাই ছিল মূল কথা। এক পড়ুয়ার কথায়, ‘পরীক্ষার সময় কোনও চাপ না নিয়ে নিয়মিত প্রস্তুতি নিলে ফল ভাল হয়— এই কথাটা আমরা পরিষ্কারভাবে বুঝেছি।’ আর এক জন বলেন, ‘পরীক্ষাকে বোঝা মনে করলে চাপ বাড়ে। সময় ঠিকভাবে ভাগ করলে যে কোনও পরীক্ষা সামলানো যায়।’
Advertisement
দিল্লির পড়ুয়ারা বিশেষ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই আলোচনা কার্যকর বলে মনে করছেন। এক দশম শ্রেণির পড়ুয়ার মতে, ‘সময় ব্যবস্থাপনা আর দক্ষতাভিত্তিক শিক্ষার গুরুত্ব নিয়ে যে কথা বলা হয়েছে, তা আসন্ন পরীক্ষার আগে খুব কাজে আসবে।’ আর এক জন জানান, ‘শুধু পড়ুয়ারাই নয়, অভিভাবকরাও পরীক্ষার সময় দুশ্চিন্তায় থাকেন। সেই চাপ কীভাবে সামলাতে হবে, তার দিশাও পাওয়া গেল।’
মধ্যপ্রদেশের ভোপাল থেকে এক পড়ুয়া বলেন, ‘পরীক্ষাকে ভয় না পেয়ে আত্মবিশ্বাস নিয়ে বসার কথা বলেছেন প্রধানমন্ত্রী। চাপমুক্ত থাকার পরামর্শ আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে।’
সামগ্রিকভাবে, ‘পরীক্ষা পে চর্চা’র নবম সংস্করণে প্রধানমন্ত্রীর বক্তব্য পড়ুয়াদের কাছে পরীক্ষাকে স্বাভাবিকভাবে নেওয়া, শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়িয়ে চলা এবং নিয়মিত প্রস্তুতির গুরুত্ব নতুন করে তুলে ধরেছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাঁদের অনেকেরই বক্তব্য, এই ধরনের সরাসরি সংলাপ পরীক্ষার আগে মানসিক জোর বাড়াতে বড় ভূমিকা নেয়।
Advertisement



