• facebook
  • twitter
Wednesday, 11 March, 2026

মে মাসে সিইউইটি স্নাতক স্তরের পরীক্ষা

আবেদন সংক্রান্ত আপডেটের জন্য সতর্ক থাকার পরামর্শ

দিল্লি— স্নাতক স্তরের ভর্তি পরীক্ষাকে আরও সহজ ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট স্নাতক স্তরের পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের আবেদন সংক্রান্ত পরবর্তী ঘোষণা ও সময়সূচির দিকে নজর রাখতে বলা হয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, এই পরীক্ষা তেরোটি ভাষায় নেওয়া হবে। দেশ ও বিদেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে কম্পিউটার ভিত্তিক পদ্ধতিতে পরীক্ষার আয়োজন করা হবে। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়-সহ দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক স্তরের ভর্তির ক্ষেত্রে এই পরীক্ষার ফল গ্রহণ করে থাকে।

Advertisement

সংস্থা সূত্রের খবর, এবছর পরীক্ষার নম্বর গ্রহণ করবে ৪৭টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং ৩০০টিরও বেশি অংশগ্রহণকারী কলেজ। কোন কোন পাঠক্রমে ভর্তি নেওয়া হবে এবং সংশোধিত পাঠ্যসূচি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

Advertisement

পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরামর্শও দিয়েছে সংস্থা। আবেদন করার আগে এবং পরবর্তী ধাপগুলির জন্য আধার সংক্রান্ত তথ্য ঠিকঠাক ও আপডেট রয়েছে কি না, তা যাচাই করে নিতে বলা হয়েছে। কারণ, আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার বিভিন্ন পর্যায়ে এই তথ্যের প্রয়োজন হতে পারে।

শিক্ষা মন্ত্রকের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি দেশের একাধিক গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করে। এই পরীক্ষার মাধ্যমে পড়ুয়ারা একটিমাত্র পরীক্ষার ফল ব্যবহার করে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন। ফলে আলাদা আলাদা পরীক্ষা দেওয়ার ঝক্কি কমে এবং ভর্তির প্রক্রিয়া আরও সহজ ও সকলের জন্য সহজলভ্য হয় বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ।

Advertisement