• facebook
  • twitter
Saturday, 7 March, 2026

রোহিত-বিরাটকে রেখেই ভারতীয় দল

ব্রাত্য শামি

প্রতিনিধিত্বমূলক চিত্র

বাংলার মহম্মদ শামিকে আবারও বঞ্চিতের তালিকায় থাকতে হল। জল্পনা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে শামিকে দেখতে পাওয়া যাবে। কিন্তু সেই আশা সার্থক রূপ পেল না। শামিকে ব্রাত্যই রেখে দিলেন নির্বাচকরা। তবে, দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বড় হাতিয়ার করলেন তারা। সম্প্রতি রঞ্জি ট্রফি এবং চলতি বিজয় হাজারে ট্রফিতে বল হাতে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলার পেসার শামি। এমনকি নির্বাচক কমিটির সদস্যরাও তাঁর খেলা দেখেছেন। তা স্বত্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের দলে জায়গা পেলেন না তিনি।

তবে শুধু শামি একা নন, ঘোষিত এই দলে সুযোগ পাননি রুতুরাজ গায়কোয়াড ও সরফরাজ খান। ভাবা হয়েছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ জায়গা পাবেন না। কিন্তু, নির্বাচকদের পছন্দের তালিকায় ঋষভ জায়গা পেলেন ভারতীয় দলে। পাশাপাশি, একদিনের দলে ফিরলেন মহম্মদ সিরাজ। এদিকে, নিউজিল্যান্ড সিরিজের দলেও সুযোগ না পাওয়ায় শামির ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল। তাঁকে কি আদৌ আর কোনোদিন ভারতের জার্সিতে মাঠে নামতে দেখা যাবে ? স্বভাবনা কিন্তু ক্রমশই কমছে।

Advertisement

এদিন অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি শুভমন গিলকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল। টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা না পেলেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে অধিনায়ক হিসেবে দলে ফিরলেন শুভমন গিল। পাশাপাশি বিজয় হাজারেতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে প্রত্যাশামতোই ভারতীয় দলে জায়গা করে নিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই প্রসঙ্গে বলা যায়, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দল নিয়ে বিশেষ পরীক্ষা-নিরীক্ষার পথে যাননি নির্বাচক কমিটির সদ্যসরা। মূলত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা দলকেই এই সিরিজের জন্য ধরে রাখা হয়েছে।

Advertisement

তবে, প্রায় দু’মাস পর চোট সারিয়ে দলে প্রত্যাবর্তন হতে চলেছে শ্রেয়স আইয়ারের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে পেটে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে মাঠের বাইরে ছিলেন শ্রেয়স। বর্তমানে, চোট কাটিয়ে অনেকটাই সুস্থ মুম্বইয়ের এই ব্যাটসম্যান। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব সারছেন তিনি। যদিও, শ্রেয়সকে দলে রাখার ক্ষেত্রে নির্বাচকদের পক্ষ থেকে একটি শর্ত রাখা হয়েছে। বিসিসিআইয়ের মেডিকেল টিমের থেকে ছাড়পত্র পেলেই কিউয়িদের বিরুদ্ধে মাঠে নামবেন তিনি। আসলে, চোট থেকে ফিরে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি শ্রেয়স।

তবে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নামতে পারেন তিনি। তার আগেই সম্ভবত মেডিকেল টিমের থেকে ফিট সার্টিফিকেট পেতে চলেছেন শ্রেয়স। একইসঙ্গে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরা এবং হার্দিক পান্ডিয়াকে। এদিকে, একদিনের দলে শুভমনের থাকা নিয়ে এদিন সকালে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। পেটের সমস্যার জন্য পাঞ্জাবের হয়ে সিকিমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে পারেননি তিনি। পরে জানা যায়, শুভমনের সমস্যা তেমন গুরুতর নয়। আগামী ৬ জানুয়ারি গোয়ার বিরুদ্ধে খেলবেন তিনি।

ভারতীয় দল: শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, কুলদীপ যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং এবং যশস্বী জয়সওয়াল।

Advertisement