• facebook
  • twitter
Sunday, 8 February, 2026

বড়দিনে ব্লু ও গ্রিন লাইনে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে মেট্রো

কলকাতা মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়দিনে ব্লু লাইনে ২৭২ টির বদলে ২২৪টি মেট্রো চলবে

প্রতীকি চিত্র।

বড়দিনে শহরবাসীর জন্য খুশির খবর। আগামী ২৫ ডিসেম্বর, ক্রিসমাসের দিন বেশি রাত পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে মেট্রো। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সোমবার বিজ্ঞপ্তি জারি করে সময়সূচি জানিয়েছে।

উৎসবের দিন জনসমাগমের কথা মাথায় রেখেই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম এবং গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত বেশি রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কলকাতা মেট্রোর নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়দিনে ব্লু লাইনে ২৭২ টির বদলে ২২৪টি মেট্রো চলবে। প্রতি ৭ মিনিটে পাওয়া যাবে পরিষেবা। গ্রিন লাইনে চলবে ২০১টি মেট্রো। ৬ মিনিট পরপর মেট্রো পাবেন যাত্রীরা।

Advertisement

ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সকালের প্রথম মেট্রো ছাড়ার সময়ে সেরকম হেরফের নেই।  ডাউনে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ৬.৫৪ মিনিটের বদলে বড়দিনে পাওয়া যাবে ৬.৫০ মিনিটে।

Advertisement

দিনের শেষ মেট্রোর সময়সূচিতে অনেকটাই বদল রয়েছে। ওই দিন প্রায় এক ঘণ্টা বেশি চলবে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো রাত ৯টা ২৮ মিনিটের বদলে ছাড়বে রাত ১০টা ২৩ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত শেষ মেট্রো রাত ৯টা ৩৩-এর বদলে ছাড়বে রাত ১০টা ২০ মিনিটে। আর শহিদ ক্ষুদিরাম থেকে দমদম পর্যন্ত মেট্রো রাতে পাওয়া যাবে রাত সাড়ে ১০টায়।

গ্রিন লাইনে আপ ও ডাউন মেট্রোর সময়সূচিতে তেমন বদল নেই। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৩৯ মিনিটে। উল্টোদিকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৪৫এ। দিনের শেষ মেট্রো দুই প্রান্তিক স্টেশন থেকে পাওয়া যাবে রাত ৯টা ৫৫ মিনিটে। তবে হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত শেষ মেট্রো রাত ১০টা ১৩ মিনিটের বদলে পাওয়া যাবে ১০টা ২০ মিনিটে।

Advertisement