প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বারাণসী গণধর্ষণের ঘটনায় তদন্তকারী পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্রে গণধর্ষণের ঘটনায় উত্তাল বারাণসী। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী। গত সপ্তাহে বারাণসী সফরে যান তিনি। নির্যাতিতার গণধর্ষণের ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে তা জানতে বারাণসীর পুলিশ কমিশনার এবং উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। এই আধিকারিকরা তাঁকে সেই তথ্যও দেন। এরপরই কাশী জোনের ডেপুটি পুলিশ কমিশনার চন্দ্রকান্ত মীনাকে তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চন্দ্রকান্ত মীনার বদলিতে শোরগোল পড়ে গিয়েছে রাজ্যের পুলিশ মহলে। প্রসঙ্গত, বারাণসী গণধর্ষণের ঘটনার পর ১০ দিন কেটে গেলেও এখনও সব অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। ঘটনার পর মূল অভিযুক্ত-সহ ১৩ জনকে গ্রেপ্তার করা হলেও এখনও অধরা ১০ অভিযুক্ত।




