• facebook
  • twitter
Sunday, 22 February, 2026

‘কলা’ বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলেও স্নাতকে পড়া যাবে ‘বিজ্ঞান’! 

ইউজিসি-র খসড়া প্রকাশের পর সমালোচনা ব্রাত্য বসুর

প্রতীকী চিত্র

উচ্চমাধ্যমিক পাশ করেছেন। ধরুন, কলা বিভাগের কোনও একটি বিষয় নিয়ে কলেজে ভর্তিও হয়ে গিয়েছেন। কিন্তু সেই বিষয়টি পড়তে গিয়ে দেখলেন, সেটা আপনার পছন্দ মতো হচ্ছে না। অর্থাৎ পড়তে ভালো লাগছে না-বা অসুবিধা হচ্ছে। এই পরিস্থিতিতে এবার থেকে আপনি ওই একই বছরে বিজ্ঞানের যে কোনও বিষয় নিয়ে পড়তে পারবেন। অথচ আপনি বিজ্ঞান নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করেননি। বৃহস্পতিবার খসড়া প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউজিসি। যদিও এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি দাবি করেন, এই সিদ্ধান্ত আসলে উচ্চ শিক্ষাকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই না। তাঁর কথায়, ‘ওরা যত বেশি জানে, তত কম মানে।’
এবার উচ্চশিক্ষা ব্যবস্থায় বিরাট বড় বদল আসতে চলেছে। পাশাপাশি একই বছরে দু’বার ভর্তি হতে পারবেন পড়ুয়ারা। সেক্ষেত্রে আগামী দিনে কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, এমনকী স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যন্ত বড় ধরনের বদল আসতে চলেছে। ইতিমধ্যেই এই সংক্রান্ত খসড়াও তৈরি করে ফেলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এখন শুধু চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। এই পরিকল্পনায় একবার সিলমোহর পড়ে গেলে, উচ্চশিক্ষা ব্যবস্থা আমূল বদলে যাবে। এরকমই একটি ইউজিসি-র খসড়া প্রকাশ্যে এসেছে। তাতে বলা হয়েছে, জুলাই-অগস্ট এবং জানুয়ারি-ফেব্রুয়ারি দুটি সেশনে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।
এই সিদ্ধান্তের সমালোচনা করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ইউজিসি-র ড্রাফ্ট ইউজিসি রেগুলেশন ২০২৪ দেখে মনে হল এর সাধ অনেক, কিন্তু সাধ্যের বিষয়ে সে নিশ্চুপ। বিদেশের অনুকরণ করে উচ্চশিক্ষা ব্যবস্থার খোল-নলচে বদল হবে, কিন্তু অর্থ আসবে কোথা থেকে? আসলে চুপি চুপি পেছনের দরজা দিয়ে উচ্চশিক্ষাকে ব্যয়বহুল এবং বেসরকারি ক্ষেত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা, যাতে সাধারণ বাড়ির ছেলে মেয়েদের সাধ্যের বাইরে চলে যায়।’ এরপর তিনি হ্যাসট্যাগ ব্যবহার করে লেখেন, ‘ওরা যত বেশি জানে, তত কম মানে।’
কী রয়েছে ইউজিসি-র সেই খসড়ায়?
কোনও বিষয় পড়তে গিয়ে যদি পড়ুয়ার পছন্দ না-হয়, সেক্ষেত্রে ওই শিক্ষাবর্ষেই ভিন্ন বিষয়ে নিয়ে ভর্তি হওয়া যাবে। তবে বিষয় নিয়ে কোনও বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে, কেউ উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা না-করলেও স্নাতক স্তরে তিনি পদার্থবিদ্যা বা রসায়ন নিয়ে পড়তে পারবেন। সেক্ষেত্রে একই শিক্ষাবর্ষে দু’বার ভর্তি হওয়ার সুযোগ পাবেন পড়ুয়ারা। শুধু সংশ্লিষ্ট বিষয়ে ভর্তির পরীক্ষায় পাশ করতে হবে, তাহলেই পড়ার সুযোগ পাওয়া যাবে। পরীক্ষার পদ্ধতি নিয়ে বলা হয়েছে যে, ভর্তির পরীক্ষা লিখিত নাকি মৌখিক হবে, কোন পদ্ধতিতে কোন বিষয়ের পরীক্ষা হবে, তা ঠিক করার পূর্ণ স্বাধীনতা কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে থাকবে। অন্যদিকে, পড়ুয়াদের কতটা উপস্থিতির হার হওয়া উচিত, কতদিন কলেজে উপস্থিত থাকলে পরীক্ষায় বসতে পারবে, তাও ঠিক করবে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতদিন পর্যন্ত যে হার নির্দিষ্ট করা ছিল, তা আর থাকবে না। এছাড়াও এই খসড়ায় অনলাইনে পড়াশোনার সুযোগ রাখার কথা বলা হয়েছে। এই পদ্ধতি চালু হলে, কর্মরত অবস্থাতেও পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা। এছাড়াও কেউ চাইলেই একই সঙ্গে দু’টি বিষয়ে স্নাতকোত্তর পড়তে পারবেন।

Advertisement

Advertisement