দুর্ঘটনার খবর করতে গিয়ে লস অ্যাঞ্জেলেসে ভাঙল নিউজ হেলিকপ্টার, মৃত ৩

Photo: BBC

দুর্ঘটনার খবর কভার করতে গিয়ে হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হল ৩ জনের। আহত হয়েছেন ২ জনের। এসইউভি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছিল। সেই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে গিয়েই মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (LAFD)। দুর্ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরের চ্যাটসওয়ার্থে।

জানা গিয়েছে, ওই হেলিকপ্টারটি এনবিসি লস অ্যাঞ্জেলেস (NBC Los Angeles)-এর হেলিকপ্টার। তাদের NewsChopper4 হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থে এসইউভি গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়। ওই ঘটনার পরে সংবাদ সংগ্রহের জন্য একাধিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। দুর্ঘটনার খবর সংগ্রহের জন্য এনবিসি লস অ্যাঞ্জেলেসের একটি হেলিকপ্টারও সেই সময়ে ঘটনাস্থলে যায়।

জানা গিয়েছে, হেলিকপ্টারটি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে দুটি ওয়্যারহাউসের বিল্ডিংয়ের মাঝে একটি হাইওয়েতে ল্যান্ডিংয়ের চেষ্টা করছিল। সেই সময়তেই কপ্টারটি ভেঙে পড়ে। লস অ্যাঞ্জেলেসের দমকল বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর কপ্টারে আগুন ধরে যায়। চারটি গাড়ি ও দুটি স্টোরেজ কন্টেনারে আগুন ছড়িয়ে পড়ে। ৭০ জনেরও বেশি দমকলকর্মী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে ওয়্যারহাউসগুলিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।


জানা গিয়েছে, হেলিকপ্টারে থাকা দুই কর্মী এলিয়ানা মোরেনো ও জর্জ মার্সিনিউ নিহত হন। তাঁদের বন্ধু ও সহকর্মী হিসেবে উল্লেখ করে স্টেশনের কর্মীরা শোক প্রকাশ করেছেন। তৃতীয় নিহত ব্যক্তি দুর্ঘটনার সময়ে হেলিকপ্টারে না থাকলেও সেটা যেখানে ভেঙে পড়ে সেখানে তিনি উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: বিপর্যস্ত নেপালে ৩ ঘণ্টার ব্যবধানে জোড়া ভূমিকম্প, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৯৯

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস, ক্যালিফোর্নিয়ার গর্ভনর গ্যাভিন নিউজম-সহ বিভিন্ন কর্তা নিহতদের পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তবে হেলিকপ্টারটি কীভাবে ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার তদন্তের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)।