পান্নুনের মামলায় ভারতকে সমন পাঠাল আমেরিকা

Image: IANS

খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিংহ পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তাঁর করা মামলায় ভারতকে সমন পাঠাল আমেরিকা। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের হাতে কূটনৈতিক নোট তুলে দিয়েছে মার্কিন বিদেশ দপ্তর। তবে এই মামলায় তারা কোনও পক্ষ নিচ্ছে না বলেও স্পষ্ট করে দিয়েছে। তাদের বক্তব্য, এটি একটি আইনি প্রক্রিয়া। সেই কারণেই নিয়ম মেনে সমন পৌঁছে দিতে হয়েছে।

২০২৪-এর ১৭ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পান্নুন। তাঁর অভিযোগ, ২০২৩ সালে নিউ ইয়র্কে তাঁকে খুনের ষড়যন্ত্রে জড়িত ছিলেন ভারত সরকারের কয়েকজন আধিকারিক। মামলায় ভারত সরকার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রাক্তন প্রধান সামন্ত গোয়েল, প্রাক্তন ‘র’ আধিকারিক বিক্রম যাদব এবং নিখিল গুপ্তের নাম উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: চিনা গুপ্তচর-যোগের অভিযোগে জেনসেন হুয়াংয়ের পাশে ট্রাম্প, এনভিডিয়ার বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা


মামলার বিষয়ে মার্কিন বিদেশ দপ্তরের পাঠানো কূটনৈতিক নোটে সই করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর। ৯ অক্টোবর সেটি ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের হাতে পৌঁছে দেওয়া হয়। আমেরিকার বক্তব্য, নোট পাঠানোর অর্থ এই নয় যে তারা পান্নুনের অভিযোগকে সমর্থন করছে। আইনি বাধ্যবাধকতা মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।

২০২৩ সালে নিউ ইয়র্কে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারতীয় নাগরিক নিখিল গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছরের জুনে চেক প্রজাতন্ত্র থেকে তাঁকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে যাওয়া হয়। মার্কিন তদন্তকারীদের অভিযোগ, এই ষড়যন্ত্রে বিক্রম যাদবের ভূমিকা ছিল। নিখিলের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্র, ভাড়াটে খুনি নিয়োগ এবং ষড়যন্ত্রের জন্য বেআইনি আর্থিক লেনদেনের পরিকল্পনার অভিযোগ আনা হয়েছিল। পরে তিনি নিজের দোষ স্বীকার করেন। ২০২৬-এর ১৬ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের আদালতে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।

আরও পড়ুন: ভারতের পর এবার আমেরিকায় ‘ভোটচুরি’র অভিযোগ ট্রাম্পের, কাঠগড়ায় ভোটের যন্ত্র

অন্যদিকে, বিক্রম যাদবকে ২০২৪-এর অক্টোবর থেকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রেখেছে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। ভারত জানিয়েছে, তিনি আর সরকারি চাকরিতে নেই। এই মামলায় ভারত সরকারের তরফে এখনও কোনও বক্তব্য জানানো হয়নি।

উল্লেখ্য, আমেরিকা ও কানাডার দ্বৈত নাগরিক পান্নুন নিষিদ্ধ খালিস্তানি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে ভারতে একাধিক মামলা রয়েছে। পাঞ্জাবের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ২২টি অপরাধের মামলা রয়েছে বলে খবর। এর মধ্যে তিনটি দেশদ্রোহিতার অভিযোগে। ২০২২ সালে কানাডায় বসবাসকারী হিন্দুদের উপর হামলার হুঁশিয়ারি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/KWJSYUkvG6M?si=rP_YomJ145vJDsEZ” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>