ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল তেহরান। সেই পরিস্থিতিতে গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বহু ইরানির ভরসা হয়ে উঠেছিল ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ক। কিন্তু সেই স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেটকে সামরিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে ইরান। শনিবার প্রকাশিত ‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।
প্রতিবেদনে চারজনের বক্তব্য তুলে জানানো হয়েছে, ইরান সামরিক যোগাযোগ ও অভিযানের কাজে স্টারলিঙ্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ব্যবহার করেছে বলে অভিযোগ। এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে, কীভাবে বেসামরিক নাগরিকদের ইন্টারনেট পরিষেবা বজায় রেখেও সামরিক ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার আটকাবে স্পেসএক্স?
প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর মার্চ মাসে ইরানের স্টারলিঙ্ক ব্যবহারের বিষয়টি জানতে পারেন মাস্ক। তবে শুধু ইরানের ব্যবহার নিয়েই অসন্তুষ্ট ছিলেন না তিনি। পেন্টাগনের সামরিক সংস্করণ স্টারশিল্ড-এর ব্যবহার নিয়েও ক্ষুব্ধ হন মাস্ক।
ওয়াশিংটন পোস্টের দাবি, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পেশ করা একটি গোপন মূল্যায়ন রিপোর্টে ইরানের স্টারলিঙ্ক ব্যবহারের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। যদিও পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসন জানিয়েছেন, এই বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কোনও রিপোর্ট প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে জমা পড়েছে বলে তাঁদের জানা নেই।
ইরানের ব্যবহার কিংবা স্টারশিল্ডের মূল সংক্রান্ত বিতর্ক নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। মার্কিন সেন্ট্রাল কমান্ডও বিস্তারিত প্রশ্নের উত্তর দেয়নি। ২০২৬ সালের জানুয়ারিতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় দেশজুড়ে ইন্টারনেট পরিষেবায় বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
আরও পড়ুন: আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, মৃত অন্তত ৭ পড়ুয়া, জখম ৯৭
১৩ জানুয়ারি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানানো হয়, একটি মার্কিন সংগঠনের সহায়তায় ইরানের স্টারলিঙ্ক ব্যবহারকারীরা বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পাচ্ছিলেন। কিন্তু একবার স্টারলিঙ্কের টার্মিনাল ছড়িয়ে পড়লে সেগুলির ব্যবহার নিয়ন্ত্রণ করা কঠিন বলে মনে করছেন স্যাটেলাইট শিল্পের কর্তারা।