মিনিয়াপোলিসে বহুতল আবাসনে চলল গুলি, মৃত ৩, আহত ৩ পুলিশকর্মী

Photo: Statesman

মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে গুলি কাণ্ড। মিনিয়াপোলিস শহরের ডাউনটাউনে একটি বহুতল আবাসনে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। ঘটনায় তিন পুলিশকর্মী-সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার বিকেলে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ ১৫ ইস্ট গ্র্যান্ট স্ট্রিটের একটি হাইরাইজ আবাসন থেকে গুলি চলার খবর আসে। মিনিয়াপোলিস পুলিশ খবর পেয়েই কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয়। আবাসনের ভিতরে ঢুকে পুলিশকর্মীরা কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

মিনিয়াপোলিস পুলিশের সার্জেন্ট গ্যারেট পার্টেন জানান, আবাসনের উপরের একটি তলা থেকে ফের গুলির শব্দ শোনা যায়। এরপর পুলিশকর্মীরা সেদিকে এগোতেই সেখানে ঘন ধোঁয়ার মতো একটি স্তর দেখা যায়। এর ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। সেই ধোঁয়া কোথা থেকে এল, তা এখনও স্পষ্ট নয়।


অভিযানের সময় তিনজন পুলিশকর্মী আহত হন। তাঁদের মধ্যে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। একজনের পায়ে গুলি লাগে। অন্যজনের অস্ত্রোপাচার করানো হয়। তৃতীয় পুলিশকর্মী গুলিবিদ্ধ হননি। তিনি অন্যভাবে আহত হন। পরে হেনেপিন কাউন্টি মেডিক্যাল সেন্টারের তরফে জানানো হয়, তিনজন পুলিশকর্মীরই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। গুলির ঘটনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে। অন্তত আরও ৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশি তৎপরতা শুরু হয়। সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তদন্তে স্থানীয় পুলিশের সঙ্গে মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই (FBI) এবং ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF) যোগ দেয়।

আরও পড়ুন: টাইমস স্কোয়্যারে প্রকাশ্য হামলায় খুন ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্টের, পুলিশের গুলিতে মৃত্যু আততায়ীর

সন্দেবভাজন হামলাকারী কীভাবে মারা গিয়েছে, তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। হামলার নেপথ্যে কী কারণ ছিল বা কোনও নির্দিষ্ট উদ্দেশ্য ছিল কি না, তাও এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।