এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১০ লক্ষ ডলার

Photo: Statesman

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ‘টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভস’ বা ১০ জন সবচেয়ে বেশি খোঁজা পলাতকের তালিকায় নাম উঠল ভারতীয় গ্যাংস্টার সতীন্দরজিৎ সিংহ ওরফে গোল্ডি ব্রারের। সোমবার তাঁকে তালিকায় যুক্ত করার কথা ঘোষণা করেছে এফবিআই। তাঁর সন্ধান দিতে পারলে সর্বোচ্চ ১০ লক্ষ ডলার পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ১৯৫০ সালে এই তালিকা চালু হওয়ার পর গোল্ডি হলেন ৫৪৩ তম ব্যক্তি, যাঁর নাম এই তালিকায় উঠল।

এফবিআইয়ের অভিযোগ, লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন সংগঠিত অপরাধচক্রের উত্তর আমেরিকার কার্যকলাপের অন্যতম প্রধান দায়িত্বে রয়েছেন গোল্ডি। আমেরিকা ও কানাডায় খুন, গুলি চালানো, অপহরণ, তোলাবাজি এবং মাদক ও অস্ত্র পাচারের মতো অপরাধের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে অভিযোগ মার্কিন তদন্তকারীদের। এফবিআইয়ের দাবি, তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন এবং ক্যালিফোর্নিয়া ও কানাডার বিভিন্ন জায়গায় তাঁর উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তাঁকে ‘অত্যন্ত হিংস্র, সশস্ত্র এবং বিপজ্জনক’ বলে সতর্ক করেছে এফবিআই।

গোল্ডি ব্রারের বিরুদ্ধে মার্কিন আদালতে একাধিক অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে রয়েছে সংগঠিত অপরাধচক্র চালানোর ষড়যন্ত্র, তোলাবাজির মাধ্যমে ব্যবসায় বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং মাদক পাচারের ষড়যন্ত্র। এফবিআই জানিয়েছে, দীর্ঘদিনের তদন্তের পর ‘অপারেশন হার্ডবল’-এর মাধ্যমে ভারত থেকে পরিচালিত তিনটি আন্তঃদেশীয় অপরাধচক্রের ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। গোল্ডি তাঁদের অন্যতম।


এই মামলাতেই ২০২৩ সালে কানাডার সারে-তে খুন হওয়া হরদীপ সিংহ নিজ্জরের হত্যাকাণ্ডের সঙ্গে গোল্ডি ও লরেন্স বিষ্ণোইয়ের যোগের অভিযোগ সামনে এসেছে। মার্কিন আদালতে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, বিষ্ণোই ও গোল্ডি নিজ্জরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। তবে এটি এখনও আদালতে ওঠা অভিযোগ, প্রমাণিত অপরাধ নয়।

ভারতে চলা তদন্তেও দীর্ঘদিন ধরে গোল্ডি ব্রারের নাম উঠে এসেছে। পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালার হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর যোগের অভিযোগ রয়েছে। ভারতের অনুরোধে ইন্টারপোল তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিসও জারি করেছে। গোল্ডির সঙ্গে লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ যোগাযোগের কথাও বহুদিন ধরে তদন্তকারীদের বক্তব্যে উঠে এসেছে। ভারতে গোল্ডির বিরুদ্ধে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-তে মামলা চলছে।

আরও পড়ুন: হাঁটুসমান জল, বিপর্যস্ত ব্যাঙ্ককে দুর্ভোগে লক্ষ লক্ষ মানুষ

এফবিআই জানিয়েছে, গোল্ডিকে ধরতে আমেরিকা, কানাডা-সহ একাধিক দেশের আইনপ্রয়োগকারী সংস্থা একসঙ্গে কাজ করছে। সাধারণ মানুষকে তাঁর সঙ্গে সরাসরি কোনও রকম সংঘাতে না গিয়ে পুলিশ বা এফবিআইকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।