বিশ্বের অষ্টম সর্বোচ্চ শৃঙ্গ নেপালের মানাসলু জয় করতে গিয়ে তুষারধসে মৃত্যু হল বাংলার পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহর। তাঁর সঙ্গে থাকা নেপালি শেরপা গাইড ফুরসেম্বা শেরপারও মৃত্যু হয়েছে। ক্যাম্প ৩-এর কাছে প্রায় সাত ফুট বরফের নীচে চাপা পড়ে যাওয়া তাঁবু থেকে রবিবার দু’জনের দেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। বর্তমানে দেহ দু’টি বেস ক্যাম্পে নামিয়ে আনার প্রক্রিয়া চলছে।
কৃষ্ণনগরের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা ধ্রুবজ্যোতি পেশায় ইঞ্জিনিয়ার। একটি বহুজাতিক সংস্থায় কাজের সূত্রে প্রায় এক দশক ধরে জার্মানিতে থাকতেন তিনি। চাকরির পাশাপাশি পর্বতারোহণ ছিল তাঁর নেশা। একাধিক দুর্গম শৃঙ্গে অভিযান করার পর এবার তাঁর লক্ষ্য ছিল ৮,১৬৩ মিটার উঁচু মানাসলু জয়।
কয়েকদিন ধরেই মানাসলু এলাকায় আবহাওয়া প্রতিকূল ছিল। শুরু হয়েছিল ভারী তুষারপাত ও তুষারঝড়। ক্যাম্প ৩-এর উপরের দিকে তুষারধসে পর্বতারোহণের রুট তৈরির কাজে ব্যবহৃত দড়ি ও কিছু সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়। আয়োজক সংস্থা মাকালু অ্যাডভেঞ্চারের ম্যানেজিং ডিরেক্টর মোহন লামসাল জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যা থেকেই মানাসলু পর্বত সংলগ্ন এলাকায় ভারী তুষারপাত শুরু হয়৷ ওই সংস্থার কর্তা মোহন লামসাল দাবি করেছেন, আবহাওয়া খারাপ থাকলেও ঝুঁকি নিয়েই ক্যাম্প ২ থেকে ক্যাম্প-৩-এর দিকে এগোতে থাকেন ধ্রুবজ্যোতিরা৷ যদিও ঝুঁকি না নিয়ে আরও ৬ জন পর্বতারোহীর একটি দল ক্যাম্প-২ থেকে ফিরে আসেন।
ধ্রুবজ্যোতি ও তাঁর শেরপা ফুরসেম্বা উপরের দিকে এগিয়ে যান। শনিবার রাতেই ধ্রুবজ্যোতিদের সঙ্গে শেষবার যোগাযোগ করা সম্ভব হয়৷ কিন্তু সেই রাতেই ক্যাম্প ৩-এর কাছে তাঁবুতে থাকার সময় আচমকাই ভয়াবহ তুষারধস নামে। মুহূর্তের মধ্যে বরফের নীচে চাপা পড়ে যায় তাঁদের তাঁবু। তারপর থেকেই দু’জনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
একই সংস্থার বাকি ৬ পর্বতারোহী, যাঁরা ক্যাম্প ২ থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ধ্রুবজ্যোতি গুহ এবং তাঁর শেরপা উপরের দিকে এগোনোর ফলে তুষারধসের কবলে পড়েন।
খবর পেয়ে উদ্ধারকারী দল ক্যাম্প ৩-এর দিকে রওনা দেয়। দীর্ঘ তল্লাশির পর প্রায় সাত ফুট বরফের নীচে চাপা পড়া তাঁবু থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়। আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে দেহগুলি বেস ক্যাম্প থেকে হেলিকপ্টারে কাঠমান্ডু নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হতে পারে।
আরও পড়ুন: দুর্গাপুরে আয়োজিত বিশেষ স্বাস্থ্য শিবির, উপকৃত বহু মানুষ
শৃঙ্গ জয়ের স্বপ্ন নিয়ে অভিযান শুরু করেও শেষ পর্যন্ত গন্তব্যের আগেই প্রাণ হারালেন কৃষ্ণনগরের ধ্রুবজ্যোতি। এর আগে অন্য এক ঘটনায় সিঙ্গাপুরের এক পর্বতারোহী এবং এক নেপালি গাইডের মৃত্যু হয়েছিল। সেক্ষেত্রে, চলতি মরশুমে মাউন্ট মানাসলুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪।