কঙ্গোয় বিমান দুর্ঘটনায় মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

Photo: X

কঙ্গোয় বিমান দুর্ঘটনা। সেখানে সেনাবাহিনীর একটি বিমান ভেঙে পড়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কঙ্গোর সামরিক বাহিনীর দুই জ্যেষ্ঠ কর্তা রয়েছেন। শুক্রবার দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গিয়েছে, নিহত দুই সামরিক কর্তা হলেন সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাতায়লি তিয়েন্দে এবং সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আধিকারিকরা জানিয়েছেন, বিমানটি কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কিকউইট থেকে ফিরছিল। ফেরার পথে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কেনজে এলাকায় বিধ্বস্ত হয়।


কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনায় সামরিক প্রতিনিধিদলের ১২ সদস্য ও বিমানের ক্রু সদস্যরাও নিহত হয়েছেন। সেই সময় বিমানে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে কেউ আর বেঁচে নেই।

আরও পড়ুন: শরতের আকাশে মেঘের ঘনঘটা, সপ্তাহান্তেও কি বৃষ্টিতে ভিজবে উত্তর-দক্ষিণ?

দুর্ঘটনার কারণ ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে একেঙ্গে তদন্ত শুরু করেছে। কঙ্গোর সিভিল এভিয়েশন অথরিটির বোর্ড চেয়ারম্যান ট্রাইফন কিন-কিই মুলুম্বা জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানে কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছিল এবং সেটিই দুর্ঘটনার মূল কারণ কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।