টানা কয়েকদিনের বৃষ্টির পর আপাতত কিছুটা স্বস্তি দক্ষিণবঙ্গে। নিম্নচাপ দুর্বল হওয়ায় ভারী বৃষ্টির পরিমাণ কমেছে। তবে বুধবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া দপ্তরেরর পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণটা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
কলকাতাতেও আগামী একদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আপাতত শহরে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে স্বাভাবিক জনজীবনে বড় ধরনের বিঘ্ন ঘটনার আশঙ্কা আপাতত কম।
অন্যদিকে উত্তরবঙ্গে এখনও দুর্যোগের আশঙ্কা পুরোপুরি কাটেনি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। অন্যান্য জেলাতেও দফায় দফায় বৃ্ষ্টি চলতে পারে।
হাওয়া অফিসের মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি স্থলভাগের অনেকটা ভিতরে ঢুকে পড়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে এবং ধীরে ধীরে শক্তি হারাচ্ছে। বর্ষাকালের নিম্নচাপ সাধারণত ধীরে অগ্রসর হওয়ার কারণে দীর্ঘ সময় ধরে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়ে থাকে। পশ্চিমবঙ্গেও বর্তমানে সেই পরিস্থিতি দেখা যাচ্ছে।
ইসরোর ইনসাট-৩ডিআর উপগ্রহের সাম্প্রতিক ইনফ্রারেড চিত্রে দেখা গিয়েছে, গভীর নিম্নচাপটি এখন ছত্তীশগড়, ওড়িশা ও মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অংশ জুড়ে অবস্থান করছে। অন্যদিকে, মহারাষ্ট্র উপকূল সংলগ্ন এলাকায় যে ঘন মেঘের সৃষ্টি হয়েছে, তা নতুন কোনও নিম্নচাপের কারণে নয়। আরব সাগর থেকে আসা জলীয় বাষ্প পশ্চিমঘাটে বাধা পেয়ে সেখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে।
মৌসম ভবনের পর্যবেক্ষণ, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হয়নি। একইভাবে আরব সাগরের উপর যে দুর্বল ঊর্ধ্বস্তরের ঘূর্ণাবর্তের কথা আগে জানানো হয়েছিল, সেটিও আরও দুর্বল হয়েছে।
তাই নতুন কোনও শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে বর্তমানে নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ-সহ দেশের পূর্ব ও পূর্ব-মধ্য়াঞ্চলে মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে।