আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা

Image: ANI

বুধবার সকালে কলকাতার বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্ষা সক্রিয় থাকায় কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও তুলনামূলক বেশি বৃষ্টিও হতে পারে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া দপ্তর।


টানা বৃষ্টির জেরে কলকাতার একাধিক নিচু এলাকায় সাময়িক জল জমার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়েছে যান চলাচলেও। অফিস টাইমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের ছবিও দেখা যাচ্ছে।

অন্যদিকে, গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় প্রয়োজনীয় সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তাঁদের মতে, খোলা জায়গায় না থাকাই ভালো। গাছের নিচে আশ্রয় না নেওয়া, খোলা মাঠে এড়িয়ে চলা এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে বিশেষ সতর্ক থাকা উচিত।

সব মিলিয়ে বুধবার কলকাতা ও দক্ষিণবঙ্গে বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকবে। তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা অস্বস্তি অনুভূত হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাবাস, আগামী দু থেকে তিন দিন এই ধরনের আবহাওয়াই  থাকার সম্ভাবনা রয়েছে।