উত্তরবঙ্গে বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ফলে দিনের বেশির ভাগ সময়ই উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে তেমন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই জেলাগুলি হলো দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিবাদ এবং নদিয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য এ দিন বিশেষ কোনও বৃষ্টির সতর্কতা নেই।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে এবং কোথাও কোথাও হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে।
অন্যধিকে, বুধবার উত্তরবঙ্গে দুর্যোগের তীব্রতা আরও বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই দিনাজপুর ও মালদহ বাদে উত্তরবঙ্গের বাকি জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া থাকতে পারে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি ও দুর্যোগের তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।