দক্ষিণের ছয় জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Image: IANS

বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি হতে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। আবহবিদদের মতে, সপ্তাহান্ত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই ছয় জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। অন্যদিকে, উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও আগামী সপ্তাহের শুরুতে দার্জিলিং, কালিম্পং-সহ কয়েকটি জেলায় ফের ভারী বৃষ্টি হতে পারে।


হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যার বিস্তার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার পর্যন্ত। আগামি দু-তিন দিনের মধ্যে এটি আরও শক্তিশালী হতে পারে। পাশাপাশি রাজস্থান থেকে ওড়িশা উপকূলর পর্যন্ত বিস্তৃত ঋতুকালীন অক্ষরেখার প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 


শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই ধরনের সতর্কতা জারি রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনাতেও। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সপ্তাহজুড়ে দফায় দফায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

বিশেষ করে শনিবার ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাকুঁড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছয় জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা।

 

এদিকে, শুক্রবার থেকে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলবর্তী সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে। তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

 

উত্তরবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী মঙ্গলবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ফের ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

টানা বৃষ্টির জেরে আপাতত তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়ায়, যা স্বাভাবিক। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি।