মহম্মদ সিরাজকে কি পরের টেস্টেও বসে থাকতে হবে? পরশু, শুক্রবার থেকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট। তার আগে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট মহলে।
প্রথম টেস্টে সিরাজকে বাদ দিয়ে চার পেসার নিয়ে খেলেছিল ভারত। সেই সিদ্ধান্ত নিয়ে কম বিতর্ক হয়নি। বিশেষ করে ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের শেষ পাঁচ উইকেট তুলতে না পারার পরে নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে সিরাজকে দ্বিতীয় টেস্টে খেলানোর সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রথম টেস্ট ড্র হওয়ার পরে অধিনায়ক গিল ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, দলের বোলিং কম্বিনেশনে বড় কোনও পরিবর্তনের কথা তাঁরা ভাবছেন না।
প্রথম টেস্টের পরে সাংবাদিক বৈঠকে গিলকে প্রশ্ন করা হয়েছিল, দ্বিতীয় টেস্টে বোলিং বিভাগে কোনও পরিবর্তন হতে পারে কি না। জবাবে ভারত অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, তেমন কিছু ভাবছি না। পিচ কেমন আচরণ করে, সেটা দেখতে হবে। তবে আমার মনে হয়, দলের বেশির ভাগ ক্রিকেটারই একই থাকবেন। প্রত্যেকেই মোটামুটি ভাল খেলেছে।’ গিলের এই মন্তব্য থেকেই ইঙ্গিত পাওয়া যায়, সিরাজকে প্রথম একাদশে ফেরানোর ব্যাপারে এখনই তাড়াহুড়ো করতে চাইছে না ভারতীয় শিবির।
প্রথম টেস্টে জশপ্রীত বুমরা, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজকে নিয়ে পেস আক্রমণ সাজিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের ব্যাটারদের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেননি তাঁরা। বোলারদের পাশে দাঁড়িয়ে গিলের বক্তব্য ছিল, পিচ থেকে সাহায্য না পাওয়ায় একটা সময় তাঁদের শক্তি ফুরিয়ে আসছিল। গিল বলেন, ‘উইকেটে যদি সামান্যও সাহায্য থাকত, তা হলে হয়তো পরিস্থিতি অন্য রকম হতে পারত।’
তবে দ্বিতীয় টেস্টের আগে একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। প্রথম টেস্টে ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছিল ভারত। ব্যাট হাতে প্রথম ইনিংসে ২৬ রান করলেও বল হাতে মাত্র একটি উইকেট পেয়েছিলেন তিনি। ক্রাইস্টচার্চের পিচে পেসারদের জন্য বেশি সাহায্য থাকলে ওয়াশিংটনের জায়গায় নীতীশ কুমার রেড্ডিকে খেলানোর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।
হ্যাগলি ওভালের উইকেট বরাবরই পেসারদের সাহায্য করে। পিচে ঘাসের আস্তরণ থাকার সম্ভাবনা রয়েছে। বাউন্সও পাওয়া যেতে পারে। প্রথম দিনের আগে বৃষ্টির পূর্বাভাস থাকায় পেসারদের জন্য পরিস্থিতি আরও অনুকূল হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: শেষ মুহূর্তে জিকসনের গোল এসিএল-২ এ আশা জিইয়ে রইল ইস্টবেঙ্গলের
প্রথম টেস্টে বুমরা অবশ্য নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। দুই ইনিংস মিলিয়ে ১৩৪ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু অন্য পেসাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি।
ভারতের ব্যাটিং বিভাগে পরিবর্তনের সম্ভাবনা আরও কম। ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ শতরান করেছিলেন। অধিনায়ক গিলের ব্যাট থেকেও এসেছিল ৯৮ রান। প্রথম ইনিংসে দলের প্রথম পাঁচ ব্যাটারই পঞ্চাশের বেশি রান করেছিলেন। সাত নম্বরে নেমে ধ্রুব জুরেলের ৭৮ রানও দলের ব্যাটিং গভীরতা বাড়িয়েছে।
তাই ক্রাইস্টচার্চে ব্যাটিং বিভাগে একই দল রাখার সম্ভাবনাই বেশি। রবীন্দ্র জাদেজাকে ফেরানোর দাবি উঠলেও যেহেতু হ্যাগলি ওভালের পিচ সাধারণত স্পিনারদের খুব বেশি সাহায্য করে না। ফলে জাদেজার প্রত্যাবর্তনও কঠিন হতে পারে।
সব মিলিয়ে দ্বিতীয় টেস্টে সিরাজের খেলার সম্ভাবনা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। প্রথম টেস্টের ড্রয়ের পরে ভারতীয় দলের সামনে এখন সিরিজ জয়ের চ্যালেঞ্জ। ২৭ নভেম্বর থেকে শুরু হতে চলা শেষ টেস্টে সেই লক্ষ্য পূরণ করতে গেলে বোলিং বিভাগকে আরও কার্যকর হতে হবে। কিন্তু সেই লড়াইয়ে সিরাজকে সুযোগ দেওয়া হবে কি না, তার উত্তর আপাতত অজানা।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=edJ4Uj60-BesuZBE” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>