আগামী মাসে ঢাকায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত কি আদৌও খেলবে? ভারতের অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘কালবেলা’-র প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ভারত। যদিও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। ফলে ভারতের খেলতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
গত মাসেই সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইএফএফের এক শীর্ষ কর্তা। সেই সময় প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণ নিয়ে আশ্বাসও দেওয়া হয়েছিল বলে খবর। তার পরেও ভারত সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় ফুটবলের সামনে মূল সমস্যা সূচির সংঘাত। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। অন্য দিকে, সিনিয়র ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা রয়েছে। সেখানে ১২ ও ১৫ নভেম্বর দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা ভারতের। ফলে দু’টি প্রতিযোগিতায় দল পাঠানো নিয়ে সমস্যায় পড়েছে এআইএফএফ।
আরও পড়ুন: আইপিএলের নিলামের আগেই মুম্বই ইন্ডিয়ান্সে বড় ধাক্কা, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে
প্রাথমিক পরিকল্পনা ছিল, সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২৩ দল পাঠানো হবে। সিনিয়র দল খেলবে নিউজিল্যান্ডে। কিন্তু সাফের সূচি ফিফার আন্তর্জাতিক ম্যাচের নির্ধারিত সময়সীমার বাইরে শুরু হওয়ায় ফুটবলারদের পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। ফিফার আন্তর্জাতিক বিরতি শুরু হবে ৯ নভেম্বর থেকে। ফলে তার আগে ক্লাবগুলি থেকে ফুটবলারদের ছাড়পত্র পাওয়া কঠিন হতে পারে।
এআইএফএফের এক সূত্রের কথায়, ‘ফিফার আন্তর্জাতিক ম্যাচের নির্ধারিত সময়সীমার বাইরের প্রতিযোগিতা হওয়ায় ফুটবলারদের পাওয়া কঠিন হবে।’ সূত্রটি আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
সূচি অনুযায়ী, ৫ নভেম্বর মালদ্বীপের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করার কথা ভারতের। ১১ নভেম্বর গ্রুপের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। ভারতীয় দল এই প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়ন। দশম বার সাফ খেতাব জয়ের লক্ষ্যে নামার কথা তাদের।
কিন্তু এ বার অনূর্ধ্ব-২৩ দল পাঠানো সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। প্রতিযোগিতার ফল ফিফা ক্রমতালিকায় প্রভাব ফেলবে। তাই অপেক্ষাকৃত তরুণ দল নামালে তার প্রভাব কী হতে পারে, তা নিয়েও ভাবতে হচ্ছে ফেডারেশনকে।
এ দিকে, আইএসএলের মরসুম চলায় ক্লাবগুলির কাছ থেকে ফুটবলারদের ছাড়পত্র পাওয়াও বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে ভারত শেষ পর্যন্ত কোন দল পাঠাবে, আদৌ সাফে খেলবে কি না, তা এখনও স্পষ্ট নয়।
তাই আপাতত ভারতের সরে দাঁড়ানোর খবরকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার অবকাশ নেই। বাংলাদেশের সংবাদমাধ্যমে দল প্রত্যাহারের খবর প্রকাশিত হলেও, ফেডারেশনের সরকারি ঘোষণা এখনও আসেনি। তবে রাজনৈতিক সম্পর্কের টানাপড়েনের আবহে ভারতের অংশগ্রহণ নিয়ে এই অনিশ্চয়তা নতুন বিতর্কের জন্ম দিতে পারে।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=ZiYIVYpSMxHrogxv” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>