তিলকের সেঞ্চুরি, অভিষেকের ঝোড়ো ইনিংসও বিফলে, পাকিস্তান ‘এ’-র কাছে ৪৮ রানে হার ভারতের

Image: BCCI

এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত-পাকিস্তান লড়াই। তিলক বর্মার শতরান, অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিং—কিছুই শেষ পর্যন্ত হার বাঁচাতে পারল না ভারতের। দোহায় রবিবার গ্রুপ বি-র ম্যাচে ভারত ‘এ’-কে ৪৮ রানে হারিয়ে দিল পাকিস্তান ‘এ’। প্রথমে ব্যাট করে ৩১৩ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২৬৫ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

ভারতের হয়ে ব্যাট হাতে নজর কাড়েন অধিনায়ক তিলক বর্মা এবং অভিষেক শর্মা। তিলক করেন ১৪৯ বলে ১০০ রান। অন্য দিকে, মাত্র ৪২ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। কিন্তু তাঁদের লড়াই সত্ত্বেও জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি ভারত।

অভিষেকের ঝড়ে শুরু, থামতেই ছন্দপতন


৩১৪ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক। তাঁর ৪২ বলের ইনিংসে ছিল ছ’টি চার ও ছ’টি ছয়। মাত্র ৩১ বলে অর্ধশতরান পূর্ণ করেন বাঁহাতি ওপেনার। পাকিস্তানের পেসার মহম্মদ ইমরানকে বিশেষ ভাবে আক্রমণ করেন তিনি। পর পর চার-ছয় মেরে ভারতকে লড়াইয়ে রাখেন অভিষেক।

আরও পড়ুন: পাঁচে পাঁচ! আইএসএলে শীর্ষে মোহনবাগান, চার্চিলকে হারানোর পর ডার্বির ভাবনা ঢুকে পড়ল সবুজ-মেরুন শিবিরে

তবে অন্য প্রান্তে বৈভব সূর্যবংশী শুরু থেকেই সমস্যায় ছিলেন। শেষ পর্যন্ত ইমরানের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অভিষেক অবশ্য আক্রমণ চালিয়ে যান। হাসান নওয়াজের বলেও দু’টি ছয় ও একটি চার মারেন। কিন্তু শেষ পর্যন্ত নওয়াজের বলেই ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। অভিষেকের বিদায়ের পরেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় পাকিস্তানের হাতে।

তিলক-শাহবাজের লড়াইয়েও রক্ষা হল না

এর পর ভারতীয় ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন তিলক। শুরুতে বেশ সমস্যায় পড়েন তিনি। প্রথম ৩৬ বলে করেন মাত্র আট রান। পরে ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন শাহবাজ আহমেদ। সপ্তম উইকেটে দু’জনে মিলে ১১২ রান যোগ করেন।

বাংলার শাহবাজ ছিলেন বেশি আক্রমণাত্মক। মাত্র ৪১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৫৬ রান করে আউট হন শাহবাজ। তিলকও সেঞ্চুরি পূর্ণ করেন। কিন্তু তখনও জয়ের জন্য অনেকটা পথ বাকি। শেষ পর্যন্ত ২৬৫ রানে অলআউট হয়ে যায় ভারত।

আরও পড়ুন: পাকিস্তানি ব্যাটারদের তিন হাফ সেঞ্চুরির দাপটে ভারতের সামনে ৩১৪ রানের লক্ষ্য, শুরুতেই আউট বৈভব

‘সতীর্থদের সাহায্য পেলে জিতে মাঠ ছাড়তাম’

এই ব্যর্থতা নিয়ে অধিনায়ক তিলক বর্মা ম্যাচের শেষে বলেন, ‘অভিষেক যেভাবে ইনিংস শুরু করেছিল এবং শাহবাজ যেভাবে ব্যাট করে, তা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুর্ভাগ্যবশত ও আউট হয়ে যায়। তবে আরও দু’-এক ওভার যদি আমার সঙ্গে ক্রিজে থাকতে পারত, তা হলে আমরা ম্যাচটা জিতেই মাঠ ছাড়তে পারতাম’।

তবে পাকিস্তানের বোলিংয়ের প্রশংসা করেন ভারত অধিনায়ক। বলেন, ‘পাকিস্তানের দুই পেসারকে কৃতিত্ব দিতেই হবে। ওরা খুব আঁটোসাঁটো লাইন ও লেংথে বল করেছে। ফ্লাডলাইটের আলোয় বলও কিছুটা নড়াচড়া করতে শুরু করেছিল। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ম্যাচ জেতা, যা আজ আমরা পারিনি। অন্য প্রান্ত থেকে কোনও ব্যাটার যদি আমাকে একটু সাহায্য করতে পারত, তা হলে আমিই ম্যাচটা শেষ করে আসতে পারতাম’।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে ভাল শুরু করে পাকিস্তান। দুই ওপেনার মাজ সাদাকত ও শামিল হুসেন। মাত্র ৭.৫ ওভারে ৬৬ রান যোগ করেন তাঁরা। সাদাকত করেন ৬৩ বলে ৫৯। শামিলের অবদান ২৩ বলে ৩৩।

এর পর ইনিংসের হাল ধরেন হাসান নওয়াজ। ৮২ বলে ৭৯ রান করেন তিনি। সাদাকতের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৪ রান যোগ করেন নওয়াজ। পরে অধিনায়ক আবদুল সামাদের সঙ্গে চতুর্থ উইকেটে আরও ৬৫ রান যোগ করেন তিনি।

শেষ দিকে ফারহান ইউসুফের ৪৮ বলে ৫৬ রানের ইনিংসে ভর করে ৩০০ পেরিয়ে যায় পাকিস্তান। ৪৮.৪ ওভারে ৩১৩ রানে অলআউট হয় তারা।

ম্যাচের সেরা হাসান নওয়াজ বলেন, ‘আমি খুব খুশি। ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ক্রিজে থাকার লক্ষ্য নিয়েছিলাম, কিন্তু সেটা করতে পারিনি। আমাদের দলের প্রত্যেকেই ব্যাট ও বল হাতে অবদান রেখেছে। আর সেটাই শেষ পর্যন্ত আমাদের জয় এনে দিয়েছে’।

ভারতের হয়ে সূর্যাংশ শেঢ়গে দু’টি উইকেট নেন। হর্ষিত রানা ও আয়ুষ বাদোনিও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। কিন্তু ব্যাটিংয়ে অভিষেক ও তিলকের লড়াই ছাড়া বাকিদের ব্যর্থতায় শেষ হাসি হাসল পাকিস্তান ‘এ’।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=AdKKz7I26–ox38z” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>