আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনের অপেক্ষায় আছেন। তার আগে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নিজের জাত চেনাতে শুরু করে দিলেন সূর্যকুমার যাদব। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে প্রথম ম্যাচেই বিধ্বংসী ইনিংস খেললেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ২১ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন সূর্য।
চলতি মরসুমে মুম্বাইয়ের অধিনায়কত্বের দায়িত্বও পেয়েছেন সূর্য। শনিবার সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৭২ রানেই শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাল্টা আক্রমণ শুরু করে মুম্বই।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতীয় দলে জায়গা হারিয়েছেন সূর্যকুমার। জাতীয় দলের হয়ে শেষ কয়েকটি সিরিজে সুযোগ পাননি তিনি। ফলে নির্বাচকদের নজরে ফেরার জন্য সৈয়দ মুস্তাক আলি ট্রফি তাঁর কাছে বড় মঞ্চ। মুম্বাইয়ের অধিনায়ক হিসাবেও নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে তাঁর সামনে।
মুম্বাইয়ের অধিনায়ক নির্বাচিত হওয়ার পরে সূর্য বলেছিলেন, ‘মুম্বাইয়ের হয়ে প্রতিনিধিত্ব করা সব সময়ই অত্যন্ত গর্বের বিষয়। এই প্রতিভাবান দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। মুম্বাইয়ের ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য এবং জয়ের সংস্কৃতি রয়েছে। আমরা সেই ধারাই বজায় রাখতে চাই’।
তিনি আরও বলেছিলেন, ‘দলে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি প্রতিভাবান তরুণরাও রয়েছে। আমি নিশ্চিত, সবাই একসঙ্গে ভাল খেলবে। আমাদের লক্ষ্য ট্রফি জেতা’। শনিবারের ইনিংসে সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ নিয়ে ফেললেন সূর্য।
শুধু সূর্য নন, মুম্বাইয়ের হয়ে ব্যাট হাতে নজর কাড়েন মুশির খানও। মাত্র ২৪ বলে ৫১ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছ’টি চার ও তিনটি ছয়। অঙ্গকৃষ রঘুবংশী করেন ১৩ বলে ২৭ রান। হার্দিক তামোরের অবদান ১৬ বলে ২২। শিবম দুবে ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন।
এর আগে হায়দরাবাদের হয়ে অভিরথ রেড্ডি সর্বোচ্চ ৩৫ রান করেন। কোডিমেলা হিমতেজা করেন ২৫ রান। মুম্বাইয়ের ম্যাক্সওয়েল স্বামীনাথন ২৩ রানে তিন উইকেট নিয়ে সফলতম বোলার হয়ে ওঠেন। শিবম দুবে নেন দু’টি উইকেট। শেষ পর্যন্ত ১৩.১ ওভারেই ১৭৪ রান তুলে সাত উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বাই। হাতে ছিল ৪১ বল। সূর্যর এই ইনিংস জাতীয় নির্বাচকদের কাছে কতটা বার্তা পৌঁছে দিতে পারল, এখন সেটাই দেখার।
স্কোর: হায়দরাবাদ ১৭২ (২০ ওভার), মুম্বাই ১৭৪/৩ (১৩.১ ওভার)। মুম্বাই জয়ী ৭ উইকেটে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RJaUOzFfzes?si=7erd6j0IurBqq9-S” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>