ভারতের বোলারদের কাঠগড়ায় তুলে বোলিং কোচকে কঠিন প্রশ্ন গাভাস্করের

Image: IANS

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের হারের পর প্রশ্নের মুখে বোলারেরা। ব্যাটাররা নিজেদের কাজ ঠিকমতো করলেও সেই রান আগলে রাখতে পারলেন না বোলাররা।

তাঁদের পারফরম্যান্স নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর ( Sunil Gavaskar)। শুধু বোলারদেরই নয়, তাঁদের প্রশিক্ষণের দায়িত্বে থাকা বোলিং কোচকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি।

রাঁচিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৪৯ রান তুলেছিল ভারত। সঞ্জু স্যামসন ৩৩ বলে ৮২ রান করে দলের বড় স্কোরের ভিত গড়ে দেন। ইশান কিষাণ করেন ৪৩ রান। শেষ দিকে শ্রেয়স আইয়ারের ১৮ বলে ৪০ এবং তিলক বর্মার ১৮ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংসে আড়াইশোর কাছাকাছি পৌঁছে যায় ভারত।


কিন্তু সেই রানও যথেষ্ট ছিল না। শাই হোপের ৪৫ বলে অপরাজিত ১০২ এবং শেরফেন রাদারফোর্ডের ৩৭ বলে ৮৪ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ছয় উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফেরায় ক্যারিবিয়ানরা।

আরও পড়ুন: আড়াইশো তুলেও হার! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর বোলারদেরই বার্তা গম্ভীরের, কী বললেন ভারতের কোচ?

ম্যাচের পর স্টার স্পোর্টসে গাভাস্কর ( Sunil Gavaskar) বলেন, ‘আমার মনে হয়েছিল, ভারত ২৩৫ থেকে ২৪০ রান তুলবে। মাঝের দিকে কয়েকটি ওভার একটু ধীরগতিতে খেলার পরেও ভারত তার চেয়ে ন’রান বেশি তুলেছে। তাই ব্যাটারদের দোষ দেওয়ার কোনও জায়গা নেই। আমার মনে হয় না, ভারত কম রান তুলেছিল।’

এর পরেই ভারতীয় বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ক্রিকেটার ( Sunil Gavaskar)। তাঁর কথায়, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে, যে ভাবে বল করা উচিত ছিল, বোলাররা সে ভাবে বল করতে পারেনি। বোলিং কোচকে জিজ্ঞাসা করলে ভাল হয়, তিনি বোলারদের কাছ থেকে কী আশা করেছিলেন এবং তাঁরা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছেন কি না।’

প্রাক্তন ভারতীয় অধিনায়কের ( Sunil Gavaskar) মতে, শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বোলিং করা কঠিন হয়ে পড়েছিল ঠিকই, কিন্তু সেই পরিস্থিতিতেও বোলারদের আরও ভাল পারফর্ম করা উচিত ছিল। ব্যাটাররা বড় রান তুলে দেওয়ার পর বোলারদের দায়িত্ব ছিল প্রতিপক্ষের রান তোলার গতি নিয়ন্ত্রণ করা। ভারত সেই কাজ করতে পারেনি।

ভারতের বোলিং পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন পেসার বরুণ অ্যারনও। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরুতে ভারত দ্রুত দু’টি উইকেট তুলে নিয়েছিল। সেই পরিস্থিতিতে পেসারদের দিয়েই আক্রমণ চালিয়ে যাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: রঞ্জি ট্রফির দল ঘোষণা গোয়ার, বাদ শচীন-পুত্র অর্জুন!

অ্যারন বলেন, ‘পাওয়ার প্লের চতুর্থ ওভারে অক্ষর পটেলকে বল দেওয়া একেবারেই অপ্রয়োজনীয় ছিল। শাই হোপ এবং রভম্যান পাওয়েলের মতো দুই ব্যাটার নতুন বলের বিরুদ্ধে খুব একটা স্বচ্ছন্দ নয়। সেই সুযোগ কাজে লাগিয়ে চার ওভারই পেসারদের দিয়ে করানো উচিত ছিল।’

অ্যারনের মতে, শুরুতে উইকেট পড়ার পরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের উপর চাপ বজায় রাখার সুযোগ ছিল ভারতের। কিন্তু সেই সুযোগ কাজে লাগানো যায়নি। উল্টে হোপ ও রাদারফোর্ডের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ক্যারিবিয়ানদের হাতে তুলে দেয়।

ম্যাচের পরে ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ার অবশ্য শিশিরের প্রভাবের কথা বলেছেন। তাঁর মতে, ‘শিশির পড়লে পরিস্থিতি কঠিন হয়ে যায়। ২৪৯ রানও প্রায় দু’ওভার বাকি থাকতে তাড়া করে জিতে গেল ওরা। এই পিচে ভুল করার সুযোগ ছিল খুবই কম। বলের লাইনে সামান্য এদিক-ওদিক হলেই তা গ্যালারিতে গিয়ে পড়ছিল।’

তবে গাওস্করের ( Sunil Gavaskar) বক্তব্যে স্পষ্ট, শিশির বা পিচের চরিত্র নিয়ে আলোচনা করলেই ভারতের বোলিংয়ের ব্যর্থতা ঢাকা যাবে না। ব্যাটাররা যখন প্রায় ২৫০ রান তুলে দিয়েছেন, তখন বোলারদেরও নিজেদের দায়িত্ব পালন করতে হবে। রাঁচির হার তাই ভারতের বোলিং পরিকল্পনা নিয়েও তুলে দিল একাধিক প্রশ্ন।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=Dl7_Wfl4PJjSahhJ” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>