ওয়েস্ট ইন্ডিজের রানের পাহাড় টপকাতে পারল না ভারত। হায়দরাবাদে চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৪ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরাল শাই হোপরা। ওয়েস্ট ইন্ডিজের ২৪৭/৩ রানের জবাবে ১৯.৩ ওভারে ২২৩/৯ রানে থেমে যায় ভারতের ইনিংস।
ব্যাট হাতে সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংস এবং তিলক বর্মা ও নীতীশ কুমার রেড্ডির লড়াই সত্ত্বেও শেষরক্ষা হয়নি। ভারত অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতে, এই হারের অন্যতম কারণ বোলারদের পরিকল্পনা অনুযায়ী বল করতে না পারা। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের পঞ্চম তথা নির্ণায়ক টি-টোয়েন্টি। তার আগে দলের বোলিং নিয়ে উদ্বেগের কথা লুকোলেন না শ্রেয়স। তবে ব্যাটারদের মানসিকতা নিয়ে সন্তুষ্ট তিনি।
ম্যাচের পর শ্রেয়স বলেন, ‘শুরুটা হয়েছিল বোলিং থেকেই। আমরা সঠিক লাইন ও লেংথে বল করতে পারিনি। আর যখন ২৫০ রানের কাছাকাছি লক্ষ্য তাড়া করতে হয়, তখন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এগোতে হয়।’
ভারত অধিনায়ক আরও বলেন, ‘রান তাড়া করার সময় আমাদের মনোভাব আমার ভাল লেগেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে বল হাতে আমরা নিজেদের পরিকল্পনা কার্যকর করতে পারিনি। সেখানেই আমরা পিছিয়ে পড়েছি।’
আরও পড়ুন: হোপের সেঞ্চুরিতে হায়দরাবাদে রানের পাহাড়ে ওয়েস্ট ইন্ডিজ, ফের ব্যর্থ ভারতীয় বোলাররা
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের কৃতিত্ব দিতেও ভোলেননি শ্রেয়স (Shreyas Iyer)। তাঁর কথায়, ‘ওরা নিজেদের পরিকল্পনা খুব ভাল ভাবে কার্যকর করেছে। উইকেট থেকেও কিছুটা সাহায্য পেয়েছে। বল কখনও লাফিয়ে উঠছিল, কখনও নীচু থাকছিল। ওরা ফিল্ডিংও খুব ভাল ভাবে সাজিয়েছিল। ওদের কৃতিত্ব দিতেই হবে। নিজেদের পরিকল্পনা নিখুঁত ভাবে কার্যকর করেছে ওরা।’
শনিবার শেষ ম্যাচে ভারত কী পরিকল্পনা নিয়ে নামবে, তা-ও স্পষ্ট করে দিয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। তাঁর মতে, ‘আমাদের খেলার ধরন একই থাকবে। বোলিং নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই। আসল বিষয় হল পরিকল্পনা কার্যকর করা এবং সতেজ মানসিকতা নিয়ে মাঠে নামা। নির্দিষ্ট দিনে নিজেদের পরিকল্পনা বাস্তবায়িত করে সুযোগ কাজে লাগাতে হবে।’
সিরিজের শেষ ম্যাচ যে কঠিন লড়াই হতে চলেছে, তা-ও মেনে নিয়েছেন ভারত অধিনায়ক। তাঁর কথায়, ‘মাঝে খেলার নিয়ন্ত্রণ আমাদের দিকে চলে এসেছিল। কিন্তু ওরা যে ভাবে আবার ঘুরে দাঁড়িয়েছে, তা অসাধারণ। আমার মনে হয়, পঞ্চম ম্যাচটি বেশ আকর্ষণীয় হবে।’
ভারতের হারের পিছনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের অপরাজিত শতরান এবং কিমো পলের পাঁচ উইকেটের বড় ভূমিকা ছিল।হোপ মাত্র ৫০ বলে অপরাজিত ১০২ রান করে দলকে ২৪৭/৩ রানে পৌঁছে দেন। চলতি সিরিজে চার ম্যাচের মধ্যে এটি তাঁর দ্বিতীয় শতরান।হোপের মতে, হায়দরাবাদের উইকেট ব্যাটিংয়ের জন্য যতটা সহজ হবে বলে তাঁরা ভেবেছিলেন, বাস্তবে তা ছিল না।
তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, এই পিচে আমাদের রানটা যথেষ্ট ভাল। শুরুতে আমরা ভেবেছিলাম, ব্যাটিংয়ের জন্য উইকেট আরও ভাল হবে। কিন্তু নতুন বলে কিছু ডেলিভারি বেশি লাফিয়ে উঠছিল, আবার কিছু বল নীচু থাকছিল। শুরুতে উইকেটের আচরণ এক রকম ছিল না। পরে স্পিনার ও পেসারদের বিরুদ্ধে বলের লাইনে গিয়ে বড় শট খেলা আরও কঠিন হয়ে পড়ে।’
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের আরও ধারালো করাই লক্ষ্য নতুন অধিনায়ক স্মৃতির
অন্য দিকে, কিমো পল ৪১ রানে পাঁচ উইকেট নিয়ে ভারতের রান তাড়ায় বড় ধাক্কা দেন। তাঁর মতে, উইকেটের চরিত্র বুঝে পরিকল্পনা অনুযায়ী বল করাই সাফল্যের চাবিকাঠি।
পল বলেন, ‘আমাদের পরিকল্পনা সহজ। ইয়র্কার ঠিক জায়গায় ফেলতে হবে। সেটা না হলে ব্যাটারের শরীর লক্ষ্য করে বল করতে হবে। উইকেট আমাদের কিছুটা সাহায্য করেছে। স্লোয়ার বলও গ্রিপ করছিল। তাই আমরা চেষ্টা করেছি, যাতে বোলিংয়ে একঘেয়েমি না আসে।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের উইকেটে বল করা সহজ নয়, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে হয়। আজ আমি পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছি। তাতে খুব খুশি।’
এ বার সিরিজের ফয়সালা বেঙ্গালুরুতে। ভারতের সামনে সুযোগ রয়েছে শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে রাখার। তবে তার আগে বোলিংয়ের ভুল শুধরে নিতে হবে শ্রেয়সদের(Shreyas Iyer)। শুধু বড় রান করলেই হবে না, প্রতিপক্ষকে আটকানোর মতো বোলিংও করতে হবে ভারতকে।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/CIeJ6CvkVG4?si=kZYdxvbHoyZodCCZ” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>