ঘরের মাঠে হার রিয়ালের, লাল কার্ড বেলিংহ্যামকে! টানা ১০ জয়ের দৌড় শেষ মোরিনিয়োর দলের

Image: X

বার্নাবেউয়ে অঘটন! ঘরের মাঠে আলাভেসের কাছে ১-২ গোলে হেরে গেল রিয়াল মাদ্রিদ। শেষ হল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়ের দৌড়। চলতি মরসুমে ঘরের মাঠে এই প্রথম হারল রিয়াল। তার উপর ম্যাচের ৮৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল বেলিংহ্যামকে। ফলে এক রাতেই জোড়া ধাক্কা খেল হোসে মোরিনিয়োর দল।

ম্যাচের শুরুতে আক্রমণাত্মক মেজাজেই ছিল রিয়াল। ভিনিসিয়াস জুনিয়র এবং এমবাপের একের পর এক আক্রমণে চাপে পড়ে আলাভেসের রক্ষণ। কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না তাঁরা। উল্টে ২২ মিনিটে রিয়ালের রক্ষণে বড় ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় অতিথি দল। ডিন হাউসেনের পাসের নিয়ন্ত্রণ হারানোর সুযোগ কাজে লাগিয়ে বল দখল করেন টনি মার্তিনেস। রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়াকে কাটিয়ে ফাঁকা গোলে বল পাঠিয়ে দেন তিনি। গোললাইন থেকে ইব্রাহিমা কোনাতের মরিয়া চেষ্টা অবশ্য কাজে আসেনি। বল তত ক্ষণে গোলের ভিতরে।

প্রথমার্ধে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল রিয়াল। বেলিংহ্যামের একটি দুরন্ত ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বিরতির পরেও আক্রমণের ঝড় তোলেন এমবাপেরা। কিন্তু গোলের সুযোগ নষ্টের খেসারত দিতে হয় তাঁদের।


আরও দেখুন: মাথায় পর পর দু’বার বলের আঘাত, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন আকাশ দীপ! পরিবর্ত প্রসিদ্ধ কৃষ্ণ

৬১ মিনিটে ব্যবধান বাড়ায় আলাভেস। প্রাক্তন রিয়াল ফুটবলার মারিয়ানোর বাড়ানো বল ধরে গোলরক্ষক কুর্তোয়াকে কাটিয়ে জালে বল জড়িয়ে দেন অ্যাঞ্জেল পেরেজ। ০-২ গোলে পিছিয়ে পড়ে চাপে পড়ে যায় মাদ্রিদের দল।

এর পর অবশ্য ব্যবধান কমায় রিয়াল। ৬৯ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে আলাভেসের জালে বল পাঠান এমবাপে। ম্যাচে ফেরার আশা দেখছিল বার্নাবেউ। শেষ দিকে কার্লোস এসপির হেড পোস্টে লেগে ফিরে আসে। সমতা ফেরানোর আরও একটি সুযোগ নষ্ট হয় রিয়ালের।

তবে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত আসে ৮৮ মিনিটে। বক্সের মধ্যে বেলিংহ্যাম পড়ে গেলে রিয়ালকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান তিনি। রেফারির মতে, পেনাল্টি আদায়ের জন্য ডাইভ দিয়েছিলেন ইংল্যান্ডের মিডফিল্ডার। সেই কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাঁকে মাঠ থেকে বের করে দেন। ফলে শেষ কয়েক মিনিট ১০ জনে খেলতে হয় রিয়ালকে।

ম্যাচের পর নিজের দলের হারের দায় স্বীকার করেছেন মোরিনিয়ো। তিনি বলেন, ‘দায়িত্ব আমার, সিদ্ধান্তও আমার। যে পয়েন্ট হারানোর কোনও সুযোগ আমাদের ছিল না, সেই পয়েন্টই হারালাম। তবে জীবন থেমে থাকে না। কাল থেকেই আবার কাজে ফিরতে হবে।’

আরও দেখুন: প্রতিপক্ষকে ফেভারিট মানলেও পরিসংখ্যান বদলাতে চান স্প্যানিশ মহাগুরু, বললেন- ডার্বি যেন দাঁতের ডাক্তার দেখানোর মতো

এই হারের ফলে লা লিগার পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গেল রিয়াল। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩৩ পয়েন্ট। এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাতলেটিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৬। যদিও রিয়ালের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে তারা। অন্য দিকে, এই জয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে আলাভেস।

ম্যাচের পর আলাভেসের অ্যাঞ্জেল পেরেজ বলেন, ‘আমরা ক্লাবের ইতিহাসে একটি বিশেষ কীর্তি গড়েছি। আমরা নিশ্চিত ছিলাম, ওটা পেনাল্টি ছিল না। স্ক্রিনে রিপ্লে দেখেই বুঝতে পেরেছিলাম যে পেনাল্টি দেওয়া ঠিক হয়নি।’

বল দখল থেকে আক্রমণ—প্রায় সব ক্ষেত্রেই এগিয়ে ছিল রিয়াল। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে না পারার খেসারত দিতে হল তাদের। লা লিগার খেতাবি দৌড়ে বার্সেলোনা ও অ্যাতলেটিকোর সঙ্গে পাল্লা দিতে হলে দ্রুত ভুল শুধরে ফিরতে হবে মোরিনিয়োকে।

দেখুন: