নির্বাচনে ‘বড় জালিয়াতি’, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন পিটি ঊষা! আইওসি-কেও অভিযোগ জানালেন কিংবদন্তি অ্যাথলিট

Image: X

ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) নির্বাচনে হার কিছুতেই মেনে নিতে পারছেন না পিটি ঊষা (PT USha)। ‘স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট’ (এসওএম) নির্বাচনে পরাজয়ের পর সরাসরি জালিয়াতির অভিযোগ তুললেন সংস্থার বিদায়ী সভাপতি (PT USha)। তাঁর দাবি, তাঁকে আইওএ-র ক্ষমতা থেকে সরানোর জন্য বড় ধরনের কারচুপি হয়েছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার (আইওসি) হস্তক্ষেপও চেয়েছেন তিনি (PT USha)।

সোমবার এই সংস্থায় মহিলাদের বিভাগে চারটি পদের জন্য নির্বাচন হয়েছিল। ছ’জন প্রার্থীর মধ্যে পঞ্চম স্থানে শেষ করেন ঊষা (PT USha)। প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ ৫৩, হকি খেলোয়াড় রানি রামপাল ৫০, তীরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় ৪৫ এবং ব্যাডম্নিটন তারকা সাইনা নেহওয়াল ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ঊষা পেয়েছেন ৪০টি ভোট। মোট ৮০টি ভোট পড়েছিল। ফলে এসওএম হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ হারিয়েছেন ঊষা।

এর পরে চণ্ডীগড়ের এক ইংরেজি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ঊষা (PT USha) বলেন, ‘জেতা-হারা খেলারই অঙ্গ। কিন্তু ফলাফল স্বচ্ছ হওয়া প্রয়োজন। আমি নিশ্চিত, এই ফল জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। আমি পঞ্চম স্থানে শেষ করতে পারি না। আমার সবার উপরে থাকা উচিত ছিল। আমি জানি, ২৫টির বেশি একক পছন্দের ভোট পেয়েছিলাম। যাঁরা আমাকে সেই ভোট দিয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই ফোন করে তা নিশ্চিত করেছেন। অঙ্কের হিসাবেই অঞ্জুর ৫৩ ভোট পাওয়া অসম্ভব’!


আরও পড়ুন: আইপিএলে বাড়তে পারে দলের সংখ্যা! ১২ দল নিয়ে লিগ চালানোর ভাবনা বোর্ডে, শীতকালে আইপিএল করার প্রস্তাবে ললিতকে সমর্থন জুহির

প্রধানমন্ত্রীর কথাতেই আইওএ-র দায়িত্বে, দাবি ঊষার

২০২২-এ আইওএ-র প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন ঊষা (PT USha)। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)  অনুরোধেই সেই দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন তিনি। ঊষা (PT USha) বলেন, ‘প্রথমে আমাকে রাজ্যসভার সাংসদ করা হয়েছিল। তার পরে আইওএ-র সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সম্মতি জানাতে আমি সাত দিন সময় নিয়েছিলাম। শেষ পর্যন্ত রাজি হয়েছিলাম, কারণ ভেবেছিলাম প্রধানমন্ত্রী (PM Narendra Modi) চান আমি সংস্থার বিশৃঙ্খলা দূর করি। মহিলাদের ক্ষমতায়নের তাঁর স্বপ্ন বাস্তবায়ন, খেলোয়াড়দের হয়ে লড়াই এবং দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানোই ছিল আমার একমাত্র লক্ষ্য’।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগে তাঁকে কেউ সরে দাঁড়ানোর অনুরোধ করলে তিনি রাজি হতেন বলেও জানিয়েছেন ঊষা (PT USha)। তিনি বলেন, ‘কেউ যদি আমাকে সরাতে চাইতেন, তা হলে সম্মানের সঙ্গে বলতে পারতেন, ‘ঊষাজি, আপনি দয়া করে নির্বাচনে দাঁড়াবেন না। আমরা অন্য কাউকে দায়িত্ব দিতে চাই।’ আমি আনন্দের সঙ্গেই সরে দাঁড়াতাম’।

ঊষা (PT USha) আরও জানান, ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেছিলেন। কিন্তু নির্বাচনের ফল নিয়ে তাঁদের কাছ থেকে কোনও স্পষ্ট ইঙ্গিত পাননি। তাঁর দাবি, ‘এই ফল প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রতি অপমান। তিনিই আমাকে এখানে নিয়ে এসেছিলেন। তিনি দেশের আরও গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, তাই ঠিক কী ঘটেছে তা হয়তো জানেন না। আমি আশা করছি, তিনি হস্তক্ষেপ করবেন’।

আরও পড়ুন: আইওএ-র নির্বাচনে বিতর্ক, বড় ধাক্কা পিটি ঊষার, হেরে গেলেন মেরিট ভোটে! জিতলেন বাংলার দোলা, সঙ্গে তিন তারকাও

ভোটারদের উপর চাপ সৃষ্টির অভিযোগ

নির্বাচনের আগেই দোলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছিলেন ঊষা। তাঁর দাবি ছিল, ‘নিউ ভারত প্যানেল’-এর চার প্রার্থীর পক্ষে ভোট চেয়ে একটি হোয়াটসঅ্যাপ বার্তা ছড়ানো হয়েছিল। সেই প্যানেলে ছিলেন অঞ্জু ববি জর্জ, রানি রামপাল, দোলা বন্দ্যোপাধ্যায় এবং সাইনা নেহওয়াল। ঊষার অভিযোগ, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সমাজমাধ্যমে এ ভাবে ভোট চাওয়া নিষিদ্ধ। এই বিষয়ে তিনি নির্বাচনী আধিকারিক সঞ্জয় কুমার শ্রীবাস্তবের কাছে অভিযোগও জমা দিয়েছিলেন। কিন্তু তাঁর দাবি, আচরণবিধি ভাঙার অন্তত চারটি অভিযোগ পেয়েও নির্বাচনী আধিকারিক কোনও ব্যবস্থা নেননি।

এ বার ভোটারদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগও তুলেছেন তিনি। ঊষার (PT USha) কথায়, ‘ভোটারদের উপর চাপ দেওয়া হয়েছিল। কয়েক জনকে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রীর দফতর এই প্রার্থীকে ভোট দিতে বলেছে’ অথবা ‘ক্রীড়ামন্ত্রী এই প্রার্থীকে ভোট দিতে বলেছেন।’ কেউ যদি ফোন করে বলে সে প্রধানমন্ত্রীর দফতর থেকে কথা বলছে, তা হলে ভোটাররা স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হবেন। আমি আইওসিকে অনুরোধ করব, তারা যেন ভোটের ফল খতিয়ে দেখে’।

ঊষা (PT USha) ইতিমধ্যেই আইওসির কাছে অভিযোগ পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, আইওএ-র কার্যনির্বাহী কমিটির বিরোধী গোষ্ঠী তাঁকে সরানোর জন্য আড়ালে নানা কৌশল নিয়েছে। ভূপিন্দর সিং বাজওয়া এবং যোগেশ্বর দত্তের বিরুদ্ধেও বেআইনি ভাবে ভোট চাওয়ার অভিযোগ তুলেছেন তিনি। ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্রের বিরুদ্ধে খেলোয়াড়দের ভোটের ই-মেল স্বীকৃতির প্রমাণ দেখাতে বাধ্য করার অভিযোগও করেছেন।

৫ ডিসেম্বর আইওএ-র ২০২৬-৩০ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হওয়ার কথা। কিন্তু এসওএম নির্বাচনে হেরে যাওয়ায় ফের সভাপতি হওয়ার পথে বড় বাধার মুখে পড়লেন ঊষা (PT USha)। আইওএ-র সংবিধান অনুযায়ী, সভাপতি পদে প্রার্থী হতে হলে এসওএম অথবা সাধারণ সভার সদস্য হতে হবে। ফলে এই নির্বাচনের ফল খেলাধুলায় তাঁর প্রশাসনিক ভবিষ্যৎ নিয়েও বড় প্রশ্ন তুলে দিল।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RJaUOzFfzes?si=ElE4SXyRPc8Is_zx” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>