শুরুটা এর চেয়ে খারাপ আর কী হতে পারত!
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই অ্যানফিল্ডে লজ্জার হার নতুন কোচ মরিসিয়ো পোচেত্তিনোর। চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হল তাঁর নয়া দল। ম্যাচের আট মিনিটেই লেনি ইয়োরো লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনে হয়ে যায় ইউনাইটেড। তার পর কার্যত একতরফা ফুটবল খেলে লিভারপুল। ডমিনিক সোবোসলাই, ফ্লোরিয়ান ভির্ৎস, ১৮ বছরের রিও এনগুমোহা এবং পরিবর্ত ভিক্টর মুনিয়োজ গোল করেন।
এই হারের ফলে ১১ ম্যাচে মাত্র আট পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ১৯ নম্বরে নেমে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এখনও পর্যন্ত তাদের জয় মাত্র একটি। অন্য দিকে, ২১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল লিভারপুল।
পোচেত্তিনোর নতুন ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় ম্যান ইউ। অষ্টম মিনিটে আলেকজান্ডার ইসাককে বক্সের বাইরে ফাউল করেন ইয়োরো। গোলের সুযোগ নষ্ট করার অপরাধে সরাসরি লাল কার্ড দেখেন ফরাসি ডিফেন্ডার। ফলে ম্যাচের প্রায় শুরু থেকেই ১০ জনে খেলতে হয় ইউনাইটেডকে।
সেই ফ্রি-কিক থেকেই গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সোবোসলাই। ১০ মিনিটে তাঁর বাঁক খাওয়ানো শট আটকাতে পারেনি ইউনাইটেডের রক্ষণ। তিন মিনিট পর ব্যবধান বাড়ান ভির্ৎস। রিও এনগুমোহা দিয়োগো দালতকে কাটিয়ে বল বাড়ান। দুরন্ত ভলিতে গোল করেন ভির্ৎস।
দ্বিতীয় গোলের পরেই পোচেত্তিনোকে বিদ্রুপ করতে শুরু করেন লিভারপুল সমর্থকেরা। গ্যালারি থেকে ভেসে আসে, ‘সকালে তোমাকে বরখাস্ত করা হবে’—এমন ব্যঙ্গাত্মক স্লোগান।
আরও পড়ুন: তিলকের সেঞ্চুরি, অভিষেকের ঝোড়ো ইনিংসও বিফলে, পাকিস্তান ‘এ’-র কাছে ৪৮ রানে হার ভারতের
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝড় থামেনি লিভারপুলের। ৬৬ মিনিটে ব্র্যাডলি বারকোলার পাস থেকে গোল করেন ১৮ বছরের এনগুমোহা। লিভারপুল-ইউনাইটেড প্রিমিয়ার লিগের ম্যাচে সবচেয়ে কম বয়সে গোল করার নজির গড়েন তিনি।
এর পর ৮২ মিনিটে ভির্ৎসের পাস থেকে চতুর্থ গোল করেন পরিবর্ত মুনিয়োজ। লিভারপুলের আক্রমণের সামনে কার্যত অসহায় দেখিয়েছে ইউনাইটেডের রক্ষণকে।ম্যাচে লিভারপুলের শট ছিল ২৭টি, যার মধ্যে ১২টি লক্ষ্যে। ইউনাইটেডের শট মাত্র ১১টি। কর্নারেও অনেক এগিয়ে ছিল লিভারপুল—১৫টি, সেখানে ইউনাইটেডের পাঁচটি।
‘খুব যন্ত্রণার, অত্যন্ত হতাশার’
ম্যাচের পর নিজের দলের পারফরম্যান্সে হতাশ পোচেত্তিনো। তিনি বলেন, ‘খুব, খুব যন্ত্রণার। আমরা অত্যন্ত হতাশ। প্রিমিয়ার লিগে নিজের প্রথম ম্যাচে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেটা মাথাতেও ছিল না। মাত্র আট মিনিটের পরেই ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। এখন অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়, ব্যাখ্যাও দেওয়া যায়, কিন্তু তত ক্ষণে ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছে’।
ইয়োরোর লাল কার্ডের সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ইউনাইটেডের নতুন কোচ। বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে ফুটবলাররা মানসিক ভাবে ভেঙে পড়ে। আমি ওদের শান্ত থাকতে বলেছি। আমার মনে হয়েছে, ঘটনাটা সম্পূর্ণ অন্যায্য ছিল’।
এই হার ইউনাইটেডের কোচ হিসাবে পোচেত্তিনোর অভিষেককে ইতিহাসের পাতায় জায়গা করে দিয়েছে, যদিও তা একেবারেই লজ্জার নজির।
অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, ইউনাইটেডের শেষ ১০ জন ম্যানেজারের মধ্যে মাত্র দ্বিতীয় কোচ হিসাবে প্রথম লিগ ম্যাচেই হারলেন তিনি। ১৯২৬ সালে বোল্টনের কাছে ০-৪ হেরেছিলেন লাল হিলডিচ। পোচেত্তিনোর হার সেই নজিরের পুনরাবৃত্তি।
১৯৮৯-৯০ মরসুমের পর এই প্রথম লিগে টানা ১১ ম্যাচ জয়হীন রইল ইউনাইটেড।
জয়ের তৃপ্তি ভির্ৎসের, প্রশংসায় ইরাওলা
লিভারপুলের হয়ে দ্বিতীয় গোল করা ফ্লোরিয়ান ভির্ৎস বলেন, ‘আজকের জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। লিগের পয়েন্ট তালিকার পরিস্থিতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই সপ্তাহান্তে শীর্ষে থাকা অনেক দলই পয়েন্ট হারিয়েছে। সেই সুযোগটা কাজে লাগাতে পেরে ভাল লাগছে। লাল কার্ড অবশ্যই ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিয়েছে। তবে আমরা সেই সুযোগ পেয়েছি অ্যালেক্স ইসাকের দুরন্ত দৌড়ের জন্যে। তাই এই জয় আমাদের প্রাপ্য’।
লিভারপুলের কোচ আন্দোনি ইরাওলাও ভির্ৎসের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘ভির্ৎস এখন দুরন্ত ছন্দে রয়েছে। আমরা চাই, যতটা সম্ভব ওকে এই ছন্দে ধরে রাখতে। প্রতিপক্ষ যখন ১০ জনে খেলে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং রক্ষণ ভেঙে পাস বাড়াতে ভির্ৎসের মতো ফুটবলার প্রয়োজন। শুধু গোল করাই নয়, ও এখন আরও বেশি আক্রমণে উঠে আসছে এবং বিপজ্জনক হয়ে ওঠে। ও আমাদের আক্রমণে আরও একটি বিকল্প হয়ে উঠছে। ওর পারফরম্যান্সে আমি খুশি’।
পোচেত্তিনোর সামনে এখন বড় চ্যালেঞ্জ দলকে এই বিপর্যয় থেকে বের করে আনা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগালে স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলতে নামবে ইউনাইটেড। তার আগে অ্যানফিল্ডের এই চার গোলের ধাক্কা সামলে ফুটবলারদের আত্মবিশ্বাস ফেরানোই এখন নতুন কোচের প্রধান কাজ।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=AdKKz7I26–ox38z” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>