‘কোনও অজুহাত নয়, ভুল শোধরাতে হবে’, উরুগুয়ের কাছে হারের পর কড়া বার্তা কোচ খালিদের

Photo: Representational Image

ব্রাজিলের পর উরুগুয়ে। শেষ ম্যাচে ১-৬ হার। তিন ম্যাচের আন্তর্জাতিক উইন্ডো শেষ হল বড় ধাক্কা দিয়ে। এমনটাই অবশ্য প্রত্যাশিত ছিল। কিন্তু এই হারকে অজুহাত বানাতে নারাজ ভারতীয় দলের কোচ খালিদ জামিল (Khalid Jamil)। বরং বিশ্বকাপে খেলা দলগুলির বিরুদ্ধে খেলা থেকে শিক্ষা নিয়ে কোথায় কোথায় উন্নতি করতে হবে, এখন সেটাই দেখার সময় বলে মনে করছেন তিনি।

মঙ্গলবার যুবভারতীতে উরুগুয়ের (Uruguay) কাছে ছ’গোল হজম করে ভারত। মাঝেমধ্যে লড়াইয়ের ঝলক দেখা গেলেও উরুগুয়ের (Uruguay) গতি, দক্ষতা এবং ভারতের ভুলের সুযোগ নেওয়ার ক্ষমতার সামনে শেষ পর্যন্ত টিকতে পারেনি নীল-সাদা জার্সি।

ব্রাজিলের বিরুদ্ধে যে লড়াকু পারফরম্যান্স দেখাতে পেরেছিল তারা, তা উরুগুয়ের বিরুদ্ধে দেখা যায়নি। প্রথম ২৫-২৬ মিনিট তাও কিছুটা লড়াইয়ের মেজাজে ছিলেন রায়ান উইলিয়ামস, মনবীর সিং, আপুইয়া-রা। কিন্তু বজ্রপাত ও বৃষ্টির জন্য ৩৫ মিনিট খেলা বন্ধ থাকার পর যেন ভারতের উৎসাহের বারুদ যেন স্যাঁতসেঁতে হয়ে পড়ে। গোটা দলটাই ধুঁকতে থাকে এবং সেই সুযোগ নিয়ে উরুগুয়ে একের পর এক গোল করে ম্যাচ জিতে নেয়।


আরও পড়ুন: মেসির শেষ ম্যাচ, আবেগে ভাসল বুয়েনস আইরেস, শেষ ম্যাচেও গোল-অ্যাসিস্ট, বিদায়ী ম্যাচের ধারাবিবরণী

ব্রাজিলের বিরুদ্ধে চার গোলে হারলেও সে দিন ভারত অনেক লড়াই করেছিল, চারবার গোলের দরজাও খুলে ফেলেছিল এবং একবার ব্রাজিলের ডিফেন্ডারদের গোল লাইন সেভ করতে বাধ্য করে তারা। কিন্তু মঙ্গলবারের ম্যাচে সেই লড়াইয়ের ছায়া দেখা যায়নি ভারতের খেলায়। হয়তো ক্লান্তির কারণে এমনটা হয়েছে। মাত্র চারদিনের মধ্যে বিশ্বের অন্যতম সেরা দুটি দলের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচ খেলার ধকল তারা হয়তো নিতে পারেনি।

কিন্তু কোনো অজুহাতই দেওয়ার পক্ষপাতী নন খালিদ। তাঁর সাফ কথা, ‘কোনও অজুহাত দেওয়া চলবে না। আমরা অনেক ভুল করেছি। পরের বার যাতে একই ভুল না হয়, তার জন্য সেগুলি শুধরে নিতে হবে’।

বিশ্বমানের দলের বিরুদ্ধে সামান্য ভুলও যে কতটা বিপজ্জনক, তা ফের বুঝেছে ভারত। বিশেষ করে মনঃসংযোগের অভাবকেই বড় সমস্যা বলে মনে করছেন জাতীয় দলের কোচ। খালিদ বলেন, ‘ভাল দলের বিরুদ্ধে খেললে একটা ভুল করলেই তারা তার শাস্তি দেয়। এক্ষেত্রেও সেটাই হয়েছে। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে’।

তবে হারের দায় কোনও এক জন ফুটবলারের ঘাড়ে চাপাতে চাননি খালিদ। তাঁর মতে, এটা গোটা দলের শেখার অভিজ্ঞতা। এমনকী নিজের ভুলের কথাও স্বীকার করেছেন ভারতীয় কোচ। তাঁর বক্তব্য, ‘আমাদের মনঃসংযোগের অভাব ছিল। শুধু ফুটবলারদের নয়, আমারও। তাই আমাকেও আরও শোধরাতে হবে’।

সামনেই আইএসএল। ১০ অক্টোবর থেকে ক্লাব ফুটবলে ফিরে যাবেন জাতীয় দলের ফুটবলাররা। তাই উরুগুয়ের বিরুদ্ধে হারের ধাক্কা ভুলে ক্লাবের হয়ে সেরাটা দেওয়ার পরামর্শ দিয়েছেন খালিদ। তিনি বলেন, ‘এটা খেলারই অংশ। এখন ক্লাবে ফিরে যাও এবং নিজের সেরাটা দাও। কেউ যেন এটা না ভাবে যে, তোমার জন্যই আমরা হেরেছি। এটা পুরো দলের ব্যর্থতা’।

আরও পড়ুন: ব্রাজিল-ম্যাচের সেই লড়াই আর দেখা গেল না, উরুগুয়ের কাছে হাফ ডজন গোল খেল ভারত, দিল এক

পানামা, ব্রাজিল এবং উরুগুয়ে— টানা তিন ম্যাচে তিন ধরনের পরীক্ষার মুখে পড়েছে ভারত। পানামার বিরুদ্ধে ১-১ ড্র, ব্রাজিলের কাছে ০-৪ হার এবং উরুগুয়ের (Uruguay) বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজয়। তিন ম্যাচে এগারো গোল খেয়ে মাত্র দুগোল খেয়েছে ভারত। ফল আশানুরূপ না হলেও এই ম্যাচগুলি থেকে পাওয়া অভিজ্ঞতাকে গুরুত্বপূর্ণ মনে করছেন খালিদ (Khalid Jamil) । বিশেষ করে বিশ্বের শক্তিশালী দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে বলেই মনে করছেন তিনি।

সামনে নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। তার আগে আরও বেশি জাতীয় শিবিরের প্রয়োজন বলে মনে করছেন খালিদ। শুধু শিবির করলেই হবে না, সঠিক ফুটবলার বাছাইয়ের উপরও জোর দিয়েছেন তিনি। ভারতীয় কোচের কথায়, ‘আমাদের আরও বেশি শিবির করতে হবে। সঠিক ফুটবলারদের বেছে নিতে হবে। সেটা ভাল করে দেখতে হবে’।

উরুগুয়ের (Uruguay) কাছে ছগোলের হার তাই খালিদের (Khalid Jamil) কাছে শেষ কথা নয়। বরং কোথায় সমস্যা, কেন সমস্যা এবং কী ভাবে তা দ্রুত শুধরে নেওয়া যায়— এটাই এখন ভারতীয় দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে পাওয়া এই কঠিন শিক্ষাকে কাজে লাগিয়ে নভেম্বরের নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের অন্য রূপ দেখাতে চান খালিদ।

দেখুন: ব্রাজিলের পর উরুগুয়ের কাছেও বড় হার, ভারতের ফুটবল নিয়ে ফের বড় প্রশ্ন!