আম্মান-ফেরত লাল-হলুদ তারকাদের অভ্যর্থনা জানাতে মাঝরাতেও হাজির একঝাঁক সমর্থক, ছুটিতে রশিদ, রামিরেজ

Photo: Representational Image

আম্মান থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে অর্জন করা এক পয়েন্ট নিয়ে গভীর রাতে ঘরে ফিরলেন ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ, ফুটবলাররা। সবাই অবশ্য কলকাতায় ফেরেননি, বিদেশি ফুটবলারদের কয়েকজন ছুটি কাটাতে গিয়েছেন নিজেদের দেশে। তবে দলের বেশির ভাগ ফুটবলারই এসে পৌঁছেছেন কলকাতায়, সঙ্গে তাঁদের হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস ও তাঁর সাপোর্ট স্টাফ।

রাত তিনটে নাগাদ বিমানবন্দরে এসে পৌঁছয় লাল-হলুদ বাহিনী। তা সত্ত্বেও অবশ্য তাঁদের অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন এক ঝাঁক সমর্থক। প্রায় জনা পঁচিশ সমর্থক, এমনকী মহিলা সমর্থকেরাও অপেক্ষায় ছিলেন হাবাসের দলের ফুটবলারদের স্বাগত জানানোর জন্য। উপস্থিত ছিলেন মিডিয়া প্রতিনিধিরাও।

ফুটবলারদের প্রত্যেককেই আলাদা করে অভ্যর্থনা জানানো হলেও সবচেয়ে বেশি উৎসাহ দেখা যায় কোচ হাবাসকে নিয়ে। তাঁকে অভিনন্দন জানানো, তাঁর সঙ্গে সেলফি তোলা নিয়েই বেশি আগ্রহ দেখা যায় অত্যুৎসাহী সমর্থকদের মধ্যে। যখন সঙ্গীদের নিয়ে বিমানবন্দর বেরিয়ে আসছিলেন স্প্যানিশ কোচ, তখন তাঁর নামে জোরালো জয়ধ্বনিও দেন সমর্থকেরা। ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ দেখা যায় গোলকিপার প্রভসুখন গিলকে নিয়ে। আল হুসেইনের বিরুদ্ধে সে দিন তিন-চারটি নিশ্চিত গোল বাঁচিয়েছিলেন গিল।


আরও পড়ুন: ঝোড়ো সেঞ্চুরির পর হালান্ডের মতো ধ্যনমগ্ন কেন অভিষেক শর্মা? নিজেই জানালেন কারণ

এ দিন দলের সঙ্গে আসেননি দানি রামিরেজ ও মহম্মদ রশিদ(Mohammed Rashid)। তাঁরা এলে হয়তো তাঁদের নিয়ে উৎসাহের বহর আরও বাড়ত। এই দুই বিদেশি যার যার দেশে গিয়েছেন ছুটি কাটাতে। আপাতত কয়েকদিন ছুটি দেওয়া হয়েছে লাল-হলুদের প্রথম দলের ফুটবলারদের। শোনা যাচ্ছে, ২২ সেপ্টেম্বর থেকে ফের অনুশীলন শুরু করবেন তাঁরা। তখন দলের সঙ্গে যোগ দেবেন বিদেশিরা।

এ দিন এডমুন্ড লালরিন্ডিকা, আনোয়ার আলিরা দলের সঙ্গে কলকাতায় ফিরলেও শুক্রবার তাঁরা রওনা হয়ে যান বেঙ্গালুরুতে, জাতীয় দলের শিবিরে যোগ দিতে। আপাতত সিনিয়র দলের সামনে আইএফএ শিল্ডের চ্যালেঞ্জ। সেখানে তারা রয়েছে প্রথম গ্রুপে মহমেডান স্পোর্টিং ও পাঞ্জাব এফসি-র সঙ্গে। তাদের প্রথম ম্যাচ ২২ সেপ্টেম্বর মহমেডানের বিরুদ্ধে এবং ২৮ সেপ্টেম্বর পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। তার আগে অবশ্য শনিবার তারা খেলতে নামবে কলকাতা লিগের সুপার সিক্সের শেষ ম্যাচ। তবে সিনিয়র দলের তারকারা সেই ম্যাচে খেলবেন না বলেই এখন পর্যন্ত ঠিক রয়েছে।

আরও পড়ুন: বৃষ্টির পর এ বার টাইফুনের আশঙ্কা! এশিয়ান গেমস শুরুর আগেই নাগোয়ায় আবহাওয়ার চোখরাঙানি

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ তাদের পরবর্তী ম্যাচ ১৩ অক্টোবর। কিন্তু সেই ম্যাচ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে শোনা যাচ্ছে। কারণ, সেই সময় কলকাতায় উৎসবের আবহ থাকবে। মহালয়ায় ইডেন গার্ডেন্সে বড়সড় উৎসবের মাধ্যমে যে উৎসবের সূচনা করবেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিকে দিকে পুজো দেখার ভীড়ও শুরু হয়ে যাবে ওই সময়। এই উৎসবমুখর পরিবেশের মধ্যে ইস্টবেঙ্গলের এই ম্যাচের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ দিতে পারবে কি না সরকার, এটা একটা বড় প্রশ্ন।

এ দিকে, পোল্যান্ডের ফরোয়ার্ড লুকাস জভোলিনস্কি এক মরশুমের চুক্তিতে ইস্টবেঙ্গল (East Bengal)এফসি-তে যোগ দিলেন। ক্লাবের পক্ষ থেকে এই ঘোষণা করে জানানো হয়েছে, প্রাক্তন পোল্যান্ড অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার জভোলিনস্কি লাল-হলুদ শিবিরে নিয়ে আসছেন দীর্ঘ দিনের অভিজ্ঞতা। পোল্যান্ডের শীর্ষ স্তরের লিগ একস্ট্রাক্লাসা-য় তিনি ২০০-রও বেশি ম্যাচ খেলেছেন। তাঁর মতো অভিজ্ঞ ফরোয়ার্ড দলে যোগ দেওয়ার অর্থ লাল-হলুদের (East Bengal) আক্রমণ বিভাগের শক্তিবৃদ্ধি। তিনি সম্ভবত পরবর্তী আইএসএলের অনেক আগেই কলকাতায় এসে পৌঁছে যাবেন। তেমন হলে শিল্ডে দল নক আউট পর্বে উঠলে তাঁকে খেলিয়ে দেখে নিতে পারেন হাবাস।

দেখুন: নবান্নে বিশ্বকর্মা পুজো, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী