বিশ্বখ্যাত ক্রীড়া সরঞ্জাম সংস্থার সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন, এ বার এমবাপের পায়ে উঠবে নতুন ব্র্যান্ডের বুট!

Photo: Representational Image

বদলে গেল ব্র্যান্ড। বদলে গেল মাঠের সঙ্গীও। প্রায় দু’দশকের সম্পর্ক ছিন্ন করে নাইকি-কে বিদায় জানালেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা এ বার হাত মেলালেন সুইৎজারল্যান্ডের নয়া ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘অন’-এর সঙ্গে। ফুটবলের বাজারে পা রাখার প্রস্তুতি নিচ্ছে যে সংস্থা, তাদের অন্যতম মুখ হতে চলেছেন এমবাপে (Kylian Mbappe)।

মাত্র ৯ বছর বয়সে, ২০০৬-এ নাইকির সঙ্গে চুক্তি হয়েছিল এমবাপের (Kylian Mbappe)। তার পর কেটে গিয়েছে প্রায় ২০ বছর। বিশ্বকাপজয়ী ফরাসি তারকার সঙ্গে সেই দীর্ঘ সম্পর্ক এ বার শেষ হল। নতুন চুক্তির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, শুধু নগদ অর্থ নয়, চুক্তিতে রয়েছে ‘ইক্যুইটি’ বা সংস্থার মালিকানার অংশও। অর্থাৎ এমবাপে এ বার শুধুই ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন, সংস্থার ভবিষ্যৎ ব্যবসার সঙ্গেও তাঁর আর্থিক সম্পর্ক তৈরি হচ্ছে।

দৌড়ের জুতো এবং টেনিসের বাজারে ইতিমধ্যেই পরিচিত নাম ‘অন’। রজার ফেডেরারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরির পর সংস্থাটি টেনিসে পরিচিতি পেয়েছিল। এ বার লক্ষ্য ফুটবল। ২০২৭-এ প্রথম ফুটবল বুট বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। সেই বুট তৈরির নকশা, উন্নয়ন এবং পরীক্ষার কাজে সরাসরি যুক্ত থাকবেন এমবাপে।


আরও পড়ুন: বিশৃঙ্খলার কালো মেঘ সরিয়ে এশিয়ান গেমসের বর্ণময় উদ্বোধন জাপানের আইচি-নাগোয়ায়

ফুটবল দুনিয়ায় সংস্থার এই নতুন যাত্রায় আরও এক বড় নাম রয়েছে। ফ্রান্সের প্রাক্তন তারকা থিয়েরি অঁরি ‘অন’-এর ফুটবল বিভাগের ডিরেক্টর হয়েছেন। ফলে এমবাপে (Kylian Mbappe)-অঁরির মতো দুই ফরাসি তারকাকে সামনে রেখে ফুটবলের বাজারে ঢোকার পরিকল্পনা সংস্থাটির।

নতুন সংস্থার সঙ্গে যোগ দেওয়ার পর সমাজমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন এমবাপে। তাঁর কথায়, ‘ফের ফুটবল আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলির একটির দিকে নিয়ে গেল। এখন আমি এমন কিছু উদ্ভাবকের মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছি, যাঁরা আমার মতোই একই স্বপ্ন দেখেন’।

এমবাপের (Kylian Mbappe) এই চলে যাওয়া এমন সময়ে, যখন ফুটবলের বাজারে নাইকির সামনে নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হচ্ছে। সম্প্রতি স্পেনের তারকা লামিনে ইয়ামালও নাইকি ছেড়ে অ্যাডিডাসের সঙ্গে চুক্তি করেছেন। গত বছর প্রিমিয়ার লিগের ম্যাচ বল সরবরাহের দীর্ঘ সম্পর্কও শেষ হয়েছে নাইকির। সেই দায়িত্ব গিয়েছে পুমার হাতে। তবে ফ্রান্সের জাতীয় দলের কিট সরবরাহের চুক্তি ২০৩৩-৩৪ মরসুম পর্যন্ত বাড়িয়েছে নাইকি। ২০২৭ থেকে জার্মান জাতীয় দলের কিট ও সরঞ্জাম সরবরাহের দায়িত্বও পেয়েছে তারা।

আরও পড়ুন: নাগোয়ার মঞ্চে ভারতের পতাকাবাহক মনুর মনে পড়ল জসপাল রানাকে! ‘পতাকা বইতে না হলে টিভিতেই দেখতাম উদ্বোধন’

এমবাপেকে (Kylian Mbappe) দীর্ঘদিন নাইকির ফুটবল বিপণনের অন্যতম প্রধান মুখ হিসেবে ব্যবহার করা হয়েছে। ২০২৬ বিশ্বকাপেও তাঁর জন্য বিশেষ ‘মারকিউরিয়াল’ বুটের সংস্করণ এনেছিল সংস্থাটি। সেই তারকাই এ বার প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের সঙ্গে।

অন্য দিকে, ‘অন’-এর সামনে কাজটা সহজ নয়। ফুটবলের বাজারে নাইকি, অ্যাডিডাস এবং পুমার দীর্ঘদিনের দাপট। নতুন সংস্থাকে সেই বাজারে জায়গা করে নিতে হবে। এমবাপের মতো বিশ্বতারকার উপস্থিতি অবশ্য তাদের ফুটবল-প্রকল্পকে শুরুতেই বড় প্রচারের মঞ্চ এনে দিল।

দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/rk_iu9coC5s?si=4zA4Dll_mpAw05xK” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>