জিকসনের গোলে ইতিহাস ইস্টবেঙ্গলের! এসিএল২-এর দৌড়ে টিকে থাকতে ভাগ্য সঙ্গ দিয়েছে, মানলেন হাবাস

Image: X

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ টিকে থাকতে গেলে জয়ের বিকল্প ছিল না ইস্টবেঙ্গলের সামনে। সেই কঠিন পরীক্ষাতেই উত্তীর্ণ হল আন্তোনিও লোপেজ হাবাসের দল। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে জর্ডনের ক্লাব আল হুসেইনকে ১-০ গোলে হারায় লাল-হলুদ বাহিনী।

শুধু তিন পয়েন্ট পাওয়া নয়, এই জয় ভারতীয় ফুটবলের জন্যও ঐতিহাসিক। ২০২৪-২৫ মরসুমে প্রতিযোগিতার নাম বদলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ হওয়ার পরে এই প্রথম কোনও ভারতীয় ক্লাব এই প্রতিযোগিতায় জয়ের মুখ দেখল।

একঝাঁক সুযোগ হাতছাড়া


মঙ্গলবার রাতে প্রথম দশ মিনিটের মধ্যেই গোলের সুযোগ তৈরি হয়েছিল দু’পক্ষের সামনে। ইস্টবেঙ্গলের ক্রিস ইকনোমিডিসের শট আটকে দেন আল হুসেইনের গোলরক্ষক মাহমুদ আল কাওয়ামলে।

১৩ মিনিটে বড় সুযোগ পায় জর্ডনের দল। গোলরক্ষক ফুরবা লাচেনপাকে কাটিয়ে বেরিয়ে গিয়েও বল জালে জড়াতে পারেননি আরেফ আল হাজ। তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরেও একাধিক বার ইস্টবেঙ্গলের রক্ষণকে চাপে ফেলে আল হুসেইন। ৩৩ মিনিটে মহম্মদ রায়হির দূরপাল্লার শট দুরন্ত দক্ষতায় বাঁচান লাচেনপা। প্রথমার্ধে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে বেশ কয়েক বার পরীক্ষার মুখে পড়তে হয় তাঁকে।

আরও পড়ুন: শেষ মুহূর্তে জিকসনের গোল এসিএল-২ এ আশা জিইয়ে রইল ইস্টবেঙ্গলের

দ্বিতীয়ার্ধেও ছবিটা খুব একটা বদলায়নি। ৪৯ মিনিটে আল হাজের শট পোস্টে লাগে। তার পরের মিনিটেই দানি রামিরেজের শট প্রতিপক্ষের বারে লেগে ফিরে আসে। ৫৩ মিনিটে ফের পোস্টে লাগে আল হাজের শট। ৬৫ মিনিটে ইউসুফ কাশির শটও পোস্টে লেগে ফিরে আসে। একের পর এক গোলমুখী শট এভাবেই বারবার পোস্টে লাগায় ইস্টবেঙ্গল নিশ্চিত হার থেকে রক্ষা পায়।

‘ভাগ্য আমাদের পাশে ছিল’

এদিন ভাগ্য যে তাদের সাহায্য করেছে, তা মেনে নিতে দ্বিধাবোধ করেননি ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। এটা যে তাঁদের সেরা ম্যাচ ছিল না, তাও মেনে নেন তিনি। বলেন, ‘এই ধরনের ম্যাচে ভাগ্যেরও প্রয়োজন হয়। ফুটবলে এবং জীবনে ভাগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এর আগে বাছাই পর্ব এবং নকআউটের লড়াইয়ে আমরা সব সময় ভাগ্যের সহায়তা পাইনি। এদিন ভাগ্য আমাদের পাশে ছিল। দু’দলই গোল করার সুযোগ পেয়েছিল। শেষপর্যন্ত আমরা একটা গোল করতে পেরেছি। আমি ছেলেদের নিয়ে গর্বিত। হয়তো এটা আমাদের সেরা ম্যাচ ছিল না, কিন্তু দলের মধ্যে যে তীব্রতা, লড়াই করার মানসিকতা এবং জেতার তাগিদ ছিল, সেটা অসাধারণ। এই জয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

জিকসনের গোলে ইতিহাস

ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন, ৮৭ মিনিটে কর্নার পায় লাল-হলুদ ব্রিগেড। সেই কর্নার থেকে বল পেয়ে দুরন্ত ব্যাকহিলে ডেভিড লালনসাঙ্গা বল সাজিয়ে দেন জিকসনের সামনে। ঠান্ডা মাথায় বল নিয়ন্ত্রণ করে জোরালো শটে জালে জড়িয়ে দেন জিকসন।

এই জয়ের ফলে গ্রুপ ডি-তে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল ইস্টবেঙ্গল। সমসংখ্যক পয়েন্ট রয়েছে আল হুসেইনেরও। ইতিমধ্যেই গ্রুপ থেকে পরের পর্বে ওঠা নিশ্চিত করেছে ইরাকের আল শোর্তা।

এসিএল-২-এর হিসেব-নিকেশ

দলের ছেলেদের লড়াইয়ের মানসিকতা এবং হার না মানা মনোভাবের প্রশংসা করেন হাবাস। জয়ের পর বলেন,
‘এই জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা দলের মানসিকতা, ফুটবলারদের স্পিরিট এবং প্রতিদিনের অনুশীলনের। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দ্রুত তরতাজা হয়ে ওঠা। কারণ, এই ম্যাচে খেলতে গিয়ে ছেলেরা যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছে।’

তবে এসিএল-২-এর শেষ ষোলোয় যাওয়ার লড়াই এখনও কঠিন। ৮ ডিসেম্বর গ্রুপের শেষ ম্যাচে ইরাকে আল শোর্তার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিততেই হবে হাবাসের দলকে। পাশাপাশি, আল হুসেইন যদি আল সিবের বিরুদ্ধে জেতে, তা হলে শেষ ষোলোর দরজা খুলতে পারে ইস্টবেঙ্গলের সামনে।

আরও পড়ুন: বৈভবের শারীরিক সক্ষমতাই ওর অন্যতম বড় শক্তি, বললেন মুগ্ধ সৌরভ

সামনে আরো বড় পরীক্ষা ‘ডার্বি’

চার ম্যাচে জয় না পাওয়ার পর অবশেষে ফের সাফল্যের সরণিতে লাল হলুদ। ডার্বির আগে যে এই জয় ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে, এক কথায় স্বীকার করে নিলেন হাবাস।

স্প্যানিশ মহাগুরু বলেন, ‘জিতে ডার্বি খেলতে নামা, আর হেরে ডার্বি খেলতে নামার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা এই জয় থেকে অনেক আত্মবিশ্বাস পাব। তবে দ্রুত রিকভারি করতে হবে। কারণ ডার্বিও অত্যন্ত কঠিন ম্যাচ। সেখানেও একই রকম তীব্রতা থাকবে। ডার্বির আগে এই জয় আত্মবিশ্বাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

ম্যাচের মাঝে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা যায় দানি রামিরেজকে। জানা গেল, তাঁর কুঁচকিতে চোট। ডার্বিতে নাও পাওয়া ষাটের পারে তাঁকে। হাবাস অবশ্য বলেন, ‘রামিরেজের শারীরিক অবস্থা নিয়ে এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে কোনও ফুটবলার দলে না থাকলে, অন্য কেউ সেই জায়গায় দায়িত্ব নিতে এগিয়ে আসবে।’

এমনিতেই আনোয়ার আলি, এডমন্ড চোট পেয়ে দলের বাইরে। তার উপর রামিরেজও যদি মাঠের বাইরে চলে যান, তা হলে ডার্বিতে যে বিপদে পড়বে ইস্টবেঙ্গল, এই নিয়ে কোনো সন্দেহ নেই।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=edJ4Uj60-BesuZBE” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>