ইংল্যান্ডের কাছে হারের পর রক্ষণ নিয়ে উদ্বেগ, পাকিস্তান ম্যাচে সংযমের বার্তা ফাল্টনের

Photo: Representational Image

দ্বিতীয় কোয়ার্টারে দু’টি গোল করে ম্যাচে ফেরার পরেও শেষ রক্ষা হয়নি। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একের পর এক রক্ষণাত্মক ভুলের খেসারত দিতে হয় ভারতীয় দলকে( Indian Team) । হকি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ পুল ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-৪ গোলে হারের পর তাই নিজের দলের রক্ষণ নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করলেন কোচ ক্রেগ ফাল্টন (Craig Fulton)। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে পরের ম্যাচের আগে ভারতীয় দলকে মাথা ঠান্ডা রাখার পরামর্শও দিলেন তিনি (Craig Fulton)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধে ভারতের খেলায় যথেষ্ট ইতিবাচক দিক দেখেছিলেন ফাল্টন (Craig Fulton)। পাল্টা আক্রমণ থেকে পেনাল্টি কর্নার আদায় করে এবং দ্বিতীয় কোয়ার্টারে দু’টি গোল করে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণও ফিরিয়ে এনেছিল ভারত। কিন্তু বিরতির পর ছবিটা বদলে যায়। রক্ষণে শিথিলতার সুযোগ নিয়ে ম্যাচ নিজেদের দিকে ঘুরিয়ে নেয় ইংল্যান্ড।

আরও পড়ুন: বাংলাদেশের কাছে লজ্জার হারের পর অস্ট্রেলিয়া দলে আমূল বদলের ডাক রিকি পন্টিংয়ের


ম্যাচের পর ফাল্টন  (Craig Fulton)বলেন, ‘প্রথমার্ধটা ভালই হয়েছিল। পাল্টা আক্রমণ থেকে আমরা পেনাল্টি কর্নার পেয়েছিলাম এবং কিছুটা বেশিই নিয়ন্ত্রণ নিয়ে ম্যাচে ভাল ভাবে ফিরেছিলাম। কিন্তু তৃতীয় কোয়ার্টারে আমাদের রক্ষণ যেমন হওয়া উচিত ছিল, তেমন ছিল না’।

ইংল্যান্ডের ভালো মানের কথাও স্বীকার করে নিয়েছেন ভারতের কোচ। তাঁর কথায়, ‘ইংল্যান্ড বিশ্বের তিন নম্বর দল হিসাবেই খেলেছে। আমরাও কয়েকটি সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলি কাজে লাগাতে পারিনি’।

বুধবার পুলের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে হারের কোনও জায়গা নেই বলেই মনে করছেন ফাল্টন (Craig Fulton)। এই হারের ধাক্কা কাটিয়ে ভারতকে এখন দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। কোচ বলেন, ‘আজ আমরা জিতলেও পরের ম্যাচে আমাদের জিততেই হত। শেষ ম্যাচে বলের উপর আমাদের আরও ভালো নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কিছুটা বেশি সংযম দেখাতে হবে। আমাদের সামনে থেকে চাপ তৈরি করতে হবে এবং প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে হবে’।

ভারতের অভিজ্ঞ মিডফিল্ডার মনপ্রীত সিং-ও হারের জন্য রক্ষণাত্মক ভুলকেই দায়ী করেছেন। তবে পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে লড়াইয়ের বার্তাও দিয়েছেন তিনি। মনপ্রীত বলেন, ‘আমাদের ফরোয়ার্ড লাইন ভাল খেলেছে। কিন্তু আমাদের তিন বা তার বেশি গোল করা দরকার ছিল, সেখানে আমরা মাত্র দু’টি গোল করতে পেরেছি। এটা মাত্র দ্বিতীয় ম্যাচ। এই হার থেকে আমরা শিক্ষা নেব। পাকিস্তানের বিরুদ্ধে আমাদের সামনে আর একটি বড় সুযোগ রয়েছে এবং সেই ম্যাচের জন্য ছেলেরা যথেষ্ট উজ্জীবিত’।

রক্ষণ নিয়ে আরও স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘তৃতীয় কোয়ার্টার পর্যন্ত আমরা খুব ভাল খেলছিলাম। কিন্তু শেষের দিকে কয়েকটি রক্ষণাত্মক ভুল আমাদের ভুগিয়েছে। সামগ্রিক ভাবে আমাদের পারফরম্যান্স ভালো ছিল, কিন্তু প্রথম সারির দলের বিরুদ্ধে রক্ষণকে আরও শক্তিশালী হতে হবে। পাশাপাশি সুযোগগুলিও কাজে লাগাতে হবে’।

আরও পড়ুন: আনোকিয়ের জোড়া গোলে রাজশাহীকে হারিয়ে এশীয় মঞ্চে দুরন্ত শুরু লাল-হলুদ প্রমিলা বাহিনীর

পেনাল্টি কর্নার থেকেও এ দিন ভারত প্রত্যাশিত সাফল্য পায়নি। বিভিন্ন ধরনের পরিকল্পনা করেও ইংল্যান্ডের কঠিন রক্ষণ ভাঙতে পারেনি তারা। পাকিস্তান ম্যাচের আগে সেই জায়গাটিতেও সতর্ক মনপ্রীত। তাঁর কথায়, ‘আমরা পেনাল্টি কর্নারে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রয়োগের চেষ্টা করেছিলাম, কিন্তু ওরা ভাল ডিফেন্স করেছে। কোনও দলকেই ছোট করে দেখা যাবে না। পাকিস্তানেরও ভাল পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ রয়েছে। তাই তাদের অপ্রয়োজনীয় পেনাল্টি কর্নার দেওয়া চলবে না। একই সঙ্গে আমাদের আরও বেশি পেনাল্টি কর্নার আদায় করতে হবে’।

তবে হারের মধ্যেও দলের ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন মনপ্রীত। শেষ বাঁশি পর্যন্ত ভারত যে সুযোগ তৈরি করে গিয়েছে, সেটিই তাঁর কাছে আশার বিষয়। তিনি বলেন, ‘আমাদের ডিফেন্ডাররা অনেক বার ওদের তৈরি তীব্র চাপ সামলেছে। এটা দীর্ঘ প্রতিযোগিতা। আমরা ভুল থেকে শিখব। পুরো ৬০ মিনিট একই গতি ধরে খেলা সম্ভব নয়। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সুযোগ তৈরি করছি, এটাই বড় ব্যাপার। আমাদের খেলার একটি নির্দিষ্ট কাঠামো রয়েছে এবং আমরা সেটাই অনুসরণ করি’।

ইংল্যান্ডের কাছে ২-৪ হারের পর এখন পাকিস্তান ম্যাচ ভারতের কাছে কার্যত আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রক্ষণে শৃঙ্খলা, পেনাল্টি কর্নার রুখে দেওয়া এবং তৈরি হওয়া সুযোগ কাজে লাগানো—এই তিন চ্যালেঞ্জ সামলেই বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে চাইবে ফাল্টনের (Craig Fulton) ভারত।

 

দেখুন: দুর্গাপুজোর আবহে হলদিয়ায় বড় বিনিয়োগ, পুরুলিয়ার মঞ্চ থেকে বড় ঘোষণা