ব্রাজিল! উরুগুয়ে! পানামা!— ভারতের সামনে একের পর এক বড় পরীক্ষা। এমন তিনটি হাই-প্রোফাইল ফ্রেন্ডলির আগে দল বাছাইয়ে অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় কোচ খালিদ জামিল (Khalid Jamil)। বাদ দিয়েছেন সন্দেশ ঝিঙ্গন, রাহুল ভেকে, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, জিকসন সিং-এর মতো পরিচিত মুখ। তিন অধিনায়কের মধ্যে দু’জনকেও দলে রাখেননি তিনি। তবে কোচের বক্তব্য, তাঁদের মুখের উপর দরজা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে তাঁদেরও ডাকা হতে পারে। তবে এটা স্পষ্ট করে দিয়েছেন যে, ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে অতীতের অবদানের ভিত্তিতে দল গড়তে রাজি নন তিনি।
২৬ জনের দলে গড় বয়স ২৪-২৫ বছর। আগামী বছরের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের কথা মাথায় রেখেই তরুণদের সুযোগ দিতে চাইছেন খালিদ (Khalid Jamil)। ব্রাজিল, উরুগুয়ের মতো বিশ্বসেরা দলের বিরুদ্ধে এমন মানসিকতা নিয়ে দল গড়ে কি ঠিক করলেন খালিদ? অনেকেই এই প্রশ্ন তুলছেন।তাঁদের উদ্দেশ্যে খালিদের ব্যাখ্যা, ‘আমি জানি অনেক সিনিয়র ফুটবলারকে দলে না নেওয়া নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু আমি তাঁদের জন্য দরজা বন্ধ করছি না, অবসর নিতেও বলছি না’।
প্রয়োজনে সিনিয়রদের ফের ডাকা হবে বলেও জানিয়েছেন ভারতীয় কোচ (Khalid Jamil)। এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রয়োজন হলে আমরা তাঁদের ফিরিয়ে আনব। চোটের কারণে কাউকে বদলি করতে হলে বা কারও ফর্মের জন্য পরিবর্তন প্রয়োজন হলে তাঁদের ডাকা হতে পারে। কিন্তু এই ম্যাচগুলির জন্য আমার মনে হয়েছে পরিবর্তন করার এটাই সেরা সময়। বিশেষ করে যখন আমরা ঘরের মাঠে খেলছি। আমাদের পরের এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের কথা মাথায় রাখতে হবে। আগামী বছর সেটা শুরু হবে এবং আমাদের এমন ফুটবলার দরকার, যারা ভবিষ্যতে দলকে সাহায্য করতে পারবে। তাঁদের সুযোগ না দিলে নিজেদের প্রমাণ করবে কী করে?’
আরও পড়ুন: ক্লাবহীন! ইউরোপের দলবদলের বাজার বন্ধের পরেও নতুন ঠিকানা খুঁজছেন বেঞ্জিমা-রামোস-ইকার্দিরা
কিন্তু ব্রাজিলের মতো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে ম্যাচেও কেন এত বড় পরিবর্তন? খালিদের উত্তর আরও স্পষ্ট। তিনি বলেছেন, ‘যে কোনও ব্যক্তিগত ফুটবলারের স্বার্থের আগে আমাকে ভারতের স্বার্থের কথা মাথায় রাখতে হবে। উদাহরণ হিসাবে বলি, ব্রাজিলের বিরুদ্ধে একটি ম্যাচ কোনও ফুটবলারের আগের পারফরম্যান্সের পুরস্কার হতে পারে না। এটা কোনও প্রদর্শনী ম্যাচ নয়। এটা যথার্থ আন্তর্জাতিক ফ্রেন্ডলি এবং আমাদের নিজেদের সেরাটাই দিতে হবে’। কোন দিক থেকেই একেই ভারতের সেরা দলে মনে হয়েছে ভারতীয় কোচের, তার ব্যাখ্যা অবশ্য দেওয়ার পথে যাননি তিনি।
এই দলের ২৬ জনের মধ্যে অনেকেই আন্তর্জাতিক ফুটবলে এখনও নিজেদের মেলে ধরতে পারেননি। আবার অন্তত ১০ জন চলতি মরসুমে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচই খেলেননি। ডুরান্ড কাপে তাঁদের ক্লাবগুলি খেলেনি, কয়েকটি ক্লাব আবার এখনও অনুশীলন শুরুই করেনি। ফলে ১৪ সেপ্টেম্বর কলকাতায় শিবিরে ফুটবলারদের কী অবস্থায় পাওয়া যাবে, তা নিয়ে খালিদেরও চিন্তা রয়েছে। অথচ তিনি এমনই ফুটবলারদের পানামা, ব্রাজিল, উরুগুয়ের মতো দলের বিরুদ্ধে ম্যাচের স্কোয়াডে রেখে দিলেন! একে অনেকে ছেলেখেলার সঙ্গেও তুলনা করেছেন।
তবে ফিটনেসে কোনও আপস করতে চান না ভারতীয় কোচ। যেন ফিটনেস দিয়েই সাফল্য পেয়ে যাবেন। দক্ষতা, অভিজ্ঞতার কোনো গুরুত্বই নেই তাঁর কাছে। বলেছেন, ‘২৬ জন এবং চার জন রিজার্ভের বাইরে আরও প্রায় ১০ জন ফুটবলার আমার মাথায় রয়েছে, যারা এই দলে জায়গা করে নিতে পারে। প্রথম দিনই আমাদের ফিটনেস পরীক্ষা হবে। কোনও ফুটবলার যদি সেই পরীক্ষায় প্রত্যাশা পূরণ করতে না পারে, তা হলে এক দিনের মধ্যেই তাকে বাড়ি পাঠানো হবে। এই ধরনের শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ফ্রেন্ডলির জন্য আমাদের ফিট ফুটবলার দরকার। সিনিয়রদেরও প্রস্তুত থাকতে হবে। আমি ফুটবলারদের সঙ্গে কথা বলেছি এবং তাঁদের বলেছি, পুরো মরসুম জুড়েই ফিটনেস ধরে রাখতে হবে’।
আরও পড়ুন: প্রথম সেটে ধাক্কা খাওয়ার পরেই তুললেন ঝড়! ইউএস ওপেনে ফেরার লড়াই জারি আলকারাজের
সব মিলিয়ে ৪০ জন ফুটবলারের কথাই যদি তাঁর মাথায় থাকে, তা হলে সবাইকেই কেন শিবিরে ডাকলেন না, সে প্রশ্নও উঠবে এখন। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে প্রথম পরীক্ষা ভারতের। তার পরে অপেক্ষা ব্রাজিল ও উরুগুয়ের। এই ম্যাচগুলিকে ভারতীয় ফুটবলের মোড় ঘোরানোর সুযোগ হিসাবেই দেখছেন খালিদ। ‘এই ম্যাচগুলি ভারতীয় ফুটবলের জন্য ভাল এবং এগুলি মোড় ঘোরানোর মুহূর্ত হতে পারে। আমাদের আরও এমন ম্যাচ খেলতে হবে। ফল কী হবে, সেটা আমার হাতে নেই। যে কোনও কিছু হতে পারে। তবে আমাদের ভাল ফুটবল খেলার চেষ্টা করতে হবে’।
অর্থাৎ ভারতীয় কোচের বার্তা বেশ পরিষ্কার— নাম নয়, বর্তমান ফর্ম এবং ভবিষ্যতের প্রয়োজনই শেষ কথা। ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামার সুযোগ তাই কারও কেরিয়ারের পুরনো কৃতিত্বের ‘পুরস্কার’ নয়। ভারতের হয়ে সেরা দলটাই নামাতে চান খালিদ।
দেখুন: দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলন, বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী মোদী