ডুরান্ড কাপে (Durand Cup) ফের কলকাতা ডার্বি হলে অবাক হবেন না। মোহনবাগান সুপার জায়ান্ট ( MBSG) তো আগেই ডুরান্ডের শেষ আটে জায়গা করে নিয়েছে। এ বার ইস্টবেঙ্গলের (EBFC) জায়গাও পাকা হয়ে গেল। যদিও কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে না। তবে ফাইনালে উঠলে তাদের ফের দেখা হতে পারে।
ডুরান্ড কাপে (Durand Cup) এক অদ্ভুত নিয়ম রয়েছে। ক্রীড়াসূচিতে আগে থেকে উল্লেখ করা থাকে না। গ্রুপসেরা (Durand Cup) হয়ে যারা শেষ আটে উঠবে, কোয়ার্টার ফাইনালে তাদের অন্য কোন গ্রুপের সেরা দলের বিরুদ্ধে বা কোনও দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে খেলতে হবে কি না, তা ঠিক হয়, কোয়ার্টার ফাইনালে কারা উঠল, তা চূড়ান্ত হওয়ার পর।
এ বারেও এ ভাবেই শেষ আটের সূচি তৈরি করা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে মোহনবাগানের ( MBSG) বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে জামশেদপুর এফসি এবং ইস্টবেঙ্গলকে (EBFC) খেলতে হবে ভারতীয় সেনা দলের বিরুদ্ধে। এই দুই ম্যাচই হবে যুবভারতীতে। ইস্টবেঙ্গলের (EBFC) ম্যাচ ১৬ অগাস্ট সন্ধ্যা সাতটায় ও মোহনবাগানের ম্যাচ ১৭ অগাস্ট বিকেল চারটেয়।
এ ছাড়াও অন্য দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এসসি দিল্লি ও রায়েংদাই এফসি এবং শিলং লাজং এফসি ও নর্থইস্ট ইউনাইটেড এফসি। প্রথম ম্যাচটি ১৬ তারিখে রাঁচিতে ও পরের ম্যাচটি ১৭ তারিখ শিলংয়ে। শিলংয়ের ম্যাচটি আসলে নর্থইস্ট ডার্বি, যা দেখতে গ্যালারি উপছে পড়বে বলে আশা আয়োজকদের। দুই দলেরই হোম গ্রাউন্ড শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম। ফলে এই ম্যাচ বেশ জমে উঠবে বলেই মনে করছে তারা।
ছ’টি গ্রুপের সেরা ছয় দল যথাক্রমে মোহনবাগান এসজি, ভারতীয় সেনা, এসসি দিল্লি, এফসি রায়েংদাই, শিলং লাজং এফসি ও নর্থইস্ট এফসি তো কোয়ার্টার ফাইনালে উঠেছেই। ছ’টি দ্বিতীয় স্থানাধিকারী দলের মধ্যে সেরা দুটি দল ইস্টবেঙ্গল এফসি (EBFC) ও জামশেদপুর এফসি-ও শেষ আটে জায়গা পেয়েছে। পয়েন্ট ও গোলপার্থক্যের বিচারে এই দুই দল সেরা আটে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এখন প্রশ্ন হচ্ছে সেমিফাইনালে কি দুই প্রধানের দেখা হতে পারে? তেমন সম্ভাবনা নেই। কারণ, কোয়ার্টার ফাইনালে কোন দল, কার মুখোমুখি হবে, তা আগে থেকে উল্লেখ করা না থাকলেও সেমিফাইনালে কারা মুখোমুখি হবে, তা উল্লেখ করা আছে।
ডুরান্ড কাপের (Durand Cup) সূচিতে উল্লেখ করা আছে ১৬ অগাস্টের দুটি কোয়ার্টার ফাইনালে জয়ীরা সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে ১৯ অগাস্ট এবং ১৭ অগাস্টের দুই ম্যাচের জয়ীরা শেষ চারের রাউন্ডে একে অপরের মুখোমুখি হবে ২০ অগাস্টে। ইস্টবেঙ্গল এফসি (EBFC) খেলবে ১৬ অগাস্টের দ্বিতীয় ম্যাচ ও মোহনবাগান এসজি ( MBSG) খেলবে ১৭ অগাস্টের প্রথম ম্যাচ। তাই সূচি অনুযায়ী সেমিফাইনালে দুই প্রধানের দেখা হওয়ার কোনও সম্ভাবনা নেই। তারা ফাইনালে উঠলে ২৩ আগস্ট তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ‘ওয়ান ডে ক্রিকেটে আর কোনও আগ্রহ নেই’, দুশোর বেশি ওয়ানডে খেলা ভারতীয় তারকাই বলছেন এ কথা!
হ্যাটট্রিক করে পরিবারকে উৎসর্গ কিয়ানের
বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে হ্যাটট্রিক করে মোহনবাগানকে ( MBSG) জেতানোর পর সেই হ্যাটট্রিক পরিবারকে উৎসর্গ করেছেন দলের তারকা স্ট্রাইকার কিয়ান নাসিরি। এ দিন তাঁর করা তিন গোলেই বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস অ্যাকাডেমিকে হারিয়ে লিগের সুপার সিক্স পর্বের দৌড়ে চলে আসে সবুজ-মেরুন বাহিনী। ১৪ মিনিটের মাথায় সুহেল ভাটের পাস থেকে প্রথম গোল করেন কিয়ান। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ফের গোল পান তিনি। ৬৫ মিনিটের মাথায় দুরন্ত সাইডভলিতে হ্যাটট্রিক করে দলের জয় নিশ্চিত করেন তিনি।
২০২২-এ আইএসএলের ডার্বিতে মোহনবাগানের ( MBSG) জার্সি গায়ে প্রথম খেলতে নেমে ঐতিহাসিক হ্যাটট্রিক করেছিলেন কিয়ান। তার পরে ফের এই হ্যাটট্রিক, যা তিনি উৎসর্গ করেন তাঁর পরিবারকে। এই হ্যাটট্রিক নিয়ে তিনি বলেন, ‘দলকে জেতাতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। আজ দলকে জেতানোই ছিল আমার লক্ষ্য। হ্যাটট্রিক পেলে কার না ভালো লাগে? এই হ্যাটট্রিক আমি উৎসর্গ করতে চাই আমার স্ত্রী, পরিবার, বন্ধু এবং সতীর্থদের’।
বছর দুয়েক আগেই মিহিরা সিংয়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কিয়ান। সাত বছরের প্রেমের পর এই বিয়ে। সমুদ্র সৈকতে মিহিরার আঙুলে আংটি পড়িয়ে তাঁর বিয়ের প্রস্তাব দেওয়ার ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন জামসিদ নাসিরির পুত্র কিয়ান। কিংবদন্তি বাবা তো রয়েছেনই। এখন স্ত্রী মিহিরার দেওয়া প্রেরণাও ফুটবল জীবনে তাঁর এগিয়ে যাওয়ার পথে বড় শক্তি।