বিশ্বকাপের আগে ভারতীয় দলের ‘আফ্রিকান সাফারি’-র পরিকল্পনা বোর্ডের

Image: ANI

২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে ভারত। বিশ্বকাপের আয়োজক দেশগুলির মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। সেই কারণেই বিশ্বকাপ শুরুর ঠিক আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ওয়ান ডে সিরিজ খেলার পরিকল্পনা নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

জানা গিয়েছে, এই নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (CSA) সঙ্গে আলোচনা শুরু হয়েছে ভারতীয় বোর্ডের। ভারতীয় দলের ম্যানেজমেন্টই আফ্রিকার পরিবেশে ম্যাচ খেলার প্রয়োজনীয়তার কথা বোর্ডকে জানিয়েছে। প্রাথমিক ভাবে চার থেকে ছ’টি ওয়ান ডে খেলার কথা ভাবা হচ্ছে। তবে ম্যাচের সংখ্যা বা সূচি এখনও চূড়ান্ত হয়নি।

বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই এই পরিকল্পনা। দক্ষিণ আফ্রিকার পিচে বাড়তি বাউন্স, আবহাওয়া এবং পেসারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেটারদের কাজে লাগবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। দেশের মাটিতে প্রস্তুতি নেওয়ার চেয়ে বিশ্বকাপের আয়োজক অঞ্চলে গিয়ে খেলা অনেক বেশি কার্যকর হতে পারে বলেই মনে করা হচ্ছে।


আরও পড়ুন: তৈরি থাকো, ডাক পেতে পারো- বাদ পড়া সিনিয়রদের বার্তা ভারতীয় কোচ খালিদের

বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ম্যাচ খেলতে পারলে ভারতীয় দল সেখানকার পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। পিচের চরিত্র, বলের বাউন্স এবং পেস আক্রমণের বিরুদ্ধে ব্যাটিং—সব কিছুরই মহড়া হয়ে যাবে।

তবে বর্তমানে ২০২৩-২৭ ফিউচার ট্যুর প্রোগ্রামে (FTP) বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এমন কোনও ওয়ান ডে সিরিজ রাখা নেই। নতুন FTP এখনও তৈরিও হয়নি। ফলে সূচিতে পরিবর্তন করে এই সিরিজ ঢোকানোর সুযোগ রয়েছে। বর্তমান FTP অনুযায়ী ভারতের দ্বিপাক্ষিক কর্মসূচি প্রায় ২০২৭-এর মার্চ পর্যন্ত রয়েছে। তার পরে বিশ্বকাপের আগে বেশ কিছুটা সময় ফাঁকা থাকতে পারে।

আগামী কয়েক মাসে ভারতের ওয়ানডে সূচিও ঠাসা। ২০২৬-২৭ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি এবং শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি করে ওয়ানডে রয়েছে। পাশাপাশি একাধিক টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। নিউজিল্যান্ড সফরে টেস্ট সিরিজ এবং দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের বর্ডার-গাওস্কর ট্রফিও রয়েছে। ফলে ক্রিকেটারদের ওয়ার্কলোড ও ফিটনেসের দিকটিও BCCI-কে মাথায় রাখতে হবে।

আরও পড়ুন: ক্লাবহীন! ইউরোপের দলবদলের বাজার বন্ধের পরেও নতুন ঠিকানা খুঁজছেন বেঞ্জিমা-রামোস-ইকার্দিরা

২০২৩-এর ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ বার ওয়ানডে সিরিজ খেলেছিল ভারত। তিন ম্যাচের সেই সিরিজ ২-১-এ জিতেছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৬ রানে অলআউট করে আট উইকেটে জিতেছিল ভারত। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা আট উইকেটে জয় পেলেও পার্লে তৃতীয় ওয়ানডেতে ৭৮ রানে জিতে সিরিজ পকেটে পুরে নেয় ভারত।

সেই সিরিজের শেষ ম্যাচে সঞ্জু স্যামসন শতরান করেছিলেন। অর্শদীপ সিংহ তিন ম্যাচে ১০টি উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। সাই সুদর্শনও তিন ম্যাচে ১২৭ রান করে নিজের দক্ষতার পরিচয় দেন।

তবে এ বার প্রস্তাবিত সিরিজটি শুধুমাত্র আর একটি দ্বিপাক্ষিক সিরিজ নয়। বিশ্বকাপের ঠিক আগে আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারাই হবে এর মূল লক্ষ্য। BCCI এবং CSA-র আলোচনায় শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়, এখন সেটাই দেখার।

দেখুন: বিশেষ চেয়ার নয়, সবার সঙ্গে এক আসনে শুভেন্দু, মহানায়কের জন্মশতবর্ষের মঞ্চে ব্যতিক্রমী মুহূর্ত