নির্বাচক পদে থাকতে নারাজ জানিয়ে দিলেন আগরকর, নতুন নির্বাচকের খোঁজে বোর্ড ! বার্ষিক সভায় আর কী সিদ্ধান্ত?

Image: CAB

ভারতীয় ক্রিকেটে নির্বাচক কমিটির শীর্ষ পদ নিয়ে বড়সড় খবর দিল বিসিসিআই (BCCI)। প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) আর দ্বিতীয় দফায় দায়িত্বে থাকতে চাইছেন না—বোর্ডের কাছে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে খবর। আগরকরের (Ajit Agarkar) বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৪ অক্টোবর। ফলে ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় নির্বাচক কমিটির নেতৃত্বে বদল আসতে চলেছে।

শুক্রবার মুম্বাইয়ে বসেছিল BCCI-এর ৯৫তম বার্ষিক সাধারণ সভা। সেখানেই নির্বাচক কমিটি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বোর্ডের পদাধিকারীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে আগরকরকে সরিয়ে দেওয়া হচ্ছে, নাকি তাঁর মেয়াদ বাড়ানো হবে—সেই সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।

BCCI সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘ক্রিকেটের দুনিয়ায় ১৫ দিন অনেকটা সময়। আমরা উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেব এবং আপনাদের জানিয়ে দেব’। অর্থাৎ, আগরকরের (Ajit Agarkar) ভবিষ্যৎ নিয়ে আপাতত অপেক্ষাই করছে বোর্ড। তবে সূত্রের খবর, আগরকর নিজেই দ্বিতীয় মেয়াদে না থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। ২০২৩-এর জুলাইয়ে প্রধান নির্বাচক হিসাবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তাঁর কার্যকালে ভারত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।


আরও পড়ুন: শেফালির ঝড়, চারণির ঘূর্ণিতে জাপানকে উড়িয়ে এশিয়াড সেমিফাইনালে ভারত

রাঁচি টেস্ট নিয়ে জল্পনায় জল

এর মধ্যেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজের রাঁচি টেস্টের কেন্দ্র বদলানো হতে পারে বলে যে খবর ছড়িয়েছিল, তা খারিজ করেছে BCCI। ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ তিওয়ারিও জানিয়ে দিয়েছেন, এমন কোনও আলোচনা তাঁর জানা নেই।

তাঁর কথায়, ‘এটা আমার কাছে নতুন খবর। BCCI-কে যদি কেউ এই বিষয়ে চিঠি দেয়, তা হলে সেটা আমারই দেওয়ার কথা। আমি কোনও চিঠি দিইনি। বার্ষিক সভাতেও এ নিয়ে কিছুই আলোচনা হয়নি’। অর্থাৎ, আপাতত রাঁচি থেকে সরে যাচ্ছে না ভারত-অস্ট্রেলিয়া টেস্ট। ভেন্যু পরিবর্তন নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রস্তাবও বোর্ডের কাছে জমা পড়েনি।

আরও পড়ুন: আগরকরকে বোর্ড আর না রাখলে নির্বাচক-প্রধানের দৌড়ে এগিয়ে পার্থিব প্যাটেল!

 

জুনিয়র নির্বাচক কমিটিতেও নিয়োগ

বোর্ডের জুনিয়র নির্বাচক কমিটির পাঁচটি পদও শূন্য হতে চলেছে। সইকিয়া জানিয়েছেন, এই পদগুলির জন্য বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। আবেদনগুলি বাছাই করে ক্রিকেট কমিটির কাছে পাঠানো হবে।

সচিব বলেন, ‘আমরা প্রচুর আবেদন পেয়েছি। প্রাথমিক বাছাই শেষ হলে তা ক্রিকেট কমিটির কাছে পাঠানো হবে। জুনিয়র নির্বাচক বাছাইয়ের দায়িত্ব তাদের। বর্তমান পাঁচ নির্বাচকের মেয়াদ খুব শীঘ্রই শেষ হচ্ছে, তাই আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে প্রক্রিয়াটি শেষ করার চেষ্টা করছি।’

সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেটের নির্বাচক মহলে এখন বদলের হাওয়া। আগরকরের পর কে হবেন ভারতীয় দলের পরবর্তী প্রধান নির্বাচক, সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের জন্য।

দেখুন: রেজিনগরে ফুটবল খেলা হবে কি না, আমি কী করে বলব’, ঋতব্রত