আর শুধু তারকা-পুত্র নন, এ বার এশিয়ান গেমসে ভারতের হয়ে নামবেন বেদান্ত মাধবন

Photo: Representational Image

বাবার পরিচয় তো রয়েছেই। তবে এ বার নিজের পারফরম্যান্সের জোরেই বড় মঞ্চে জায়গা করে নিলেন বেদান্ত মাধবন। অভিনেতা আর মাধবনের (R Madhavan) ছেলে বেদান্তকে (Vedant) ২০২৬ এশিয়ান গেমসের জন্য ভারতের ১২ সদস্যের সাঁতার দলে রাখা হয়েছে। অর্থাৎ এ বার এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়ামঞ্চে দেশের হয়ে পুলে নামতে দেখা যাবে তাঁকে।

জাপানের আইচি-নাগোয়া শহরে এশিয়ান গেমসের সাঁতার প্রতিযোগিতা হবে ২০ থেকে ২৫ সেপ্টেম্বর। বেদান্ত (Vedant) নামবেন পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইল এবং ২০০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে। পাশাপাশি ভারতের ৪x২০০ মিটার ফ্রিস্টাইল রিলে দলেও রয়েছেন তিনি।

বেদান্তের বয়স এখন ২১। গত জুনে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ফ্রিস্টাইলে ব্যক্তিগত সেরা সময় করে ফাইনালে চতুর্থ হয়েছিলেন তিনি। তাঁর (Vedant) সময় ছিল ১ মিনিট ৫৩.৮৯ সেকেন্ড। সেই পারফরম্যান্সই জাতীয় দলের দরজা খুলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।


আরও পড়ুন: ফের AFC মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল, ইতিহাস গড়ল লাল-হলুদ

তবে শুধু বেদান্তই (Vedant) নন, এশিয়ান গেমসের ভারতীয় সাঁতার দলে রয়েছেন দুই অভিজ্ঞ অলিম্পিয়ান শ্রীহরি নটরাজ এবং সাজন প্রকাশও। টোকিও ও প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া শ্রীহরি নামবেন ৫০ মিটার ব্যাকস্ট্রোকে। অন্য দিকে রিও এবং টোকিও অলিম্পিয়ান সাজন অংশ নেবেন ১০০ ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে।

দলের আর এক বড় ভরসা আরিয়ান নেহরা। ঘরোয়া প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে থাকা এই দূরপাল্লার সাঁতারু ৮০০ মিটার ফ্রিস্টাইলে আট মিনিটের গণ্ডি ভেঙে জাতীয় রেকর্ড গড়েছেন—সময় ৭ মিনিট ৫৯.৩৬ সেকেন্ড। ১৫০০ মিটার ফ্রিস্টাইলেও জাতীয় রেকর্ড তাঁর দখলে।

বেদান্তের (Vedant) এশিয়ান গেমসে জায়গা পাওয়ার গল্পটাও কম আকর্ষণীয় নয়। ছোটবেলা থেকেই সাঁতারকে পেশা হিসাবে বেছে নিয়েছেন তিনি। কিশোর বয়সেই আন্তর্জাতিক স্তরে পদক জিতেছেন। ২০১৯ সালের এশিয়ান এজ গ্রুপ সাঁতার চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে রিলে ইভেন্টে রুপোও পেয়েছিলেন।

আরও পড়ুন: ‘চাণক্য’-র তৈরি ‘ডায়মন্ড’-এই কিস্তিমাত, ডুরান্ড কাপ জয়ের পর কী বললেন কোচ ও নায়ক?

বাবা আর মাধবনও  (R Madhavan)  ছেলের সাঁতারজীবন নিয়ে বরাবরই গর্বিত হয়েছেন। তবে তারকা-সন্তানের পরিচয়ের বাইরে নিজের আলাদা পরিচয় তৈরি করাই বেদান্তের (Vedant) লক্ষ্য। এ বার সেই পথেই আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

ভারতীয় সাঁতারের সামনে অবশ্য বড় চ্যালেঞ্জ। ২০১৪ সালের ইনচিয়ন এশিয়ান গেমসে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সন্দীপ সেজওয়ালের ব্রোঞ্জের পর আর কোনও ভারতীয় সাঁতারু এশিয়ান গেমসে পদক জিততে পারেননি। ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসেও পদকশূন্য ছিল ভারত। দীর্ঘ ১২ বছরের সেই খরা কাটানোর লক্ষ্যেই এ বার নামবেন বেদান্ত (Vedant) -সহ ভারতের নতুন প্রজন্ম।

দেখুন: কলকাতায় MSME প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাজনাথ সিং