নিউটাউনে অত্যাধুনিক হাসপাতাল গড়ে তুলবে আদানি গোষ্ঠী সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাতে রাজ্যের নাগরিকদের সেখানে সুলভে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। কাজ করবে আয়ুষ্মান ভারত প্রকল্প এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এবার ঐতিহাসিক মহাকরণ বা রাইটার্স বিল্ডিং সংস্কার করতে চলেছে আদানি গোষ্ঠী বলে সূত্রের খবর। এই খবরের ক্ষেত্রে কোনও সরকারি ঘোষণা এখনও করা হয়নি। মহাকরণ বা রাইটার্স বিল্ডিং সংস্কার করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে আদানি গোষ্ঠীর পক্ষ থেকে বলেও জানা গিয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল, তাঁরা রাইটার্স বিল্ডিং থেকে সরকার চালাবেন। নবান্ন থেকে চলবে না সরকার। কিন্তু রাইটার্স বিল্ডিং সংস্কার না হওয়ায় এখন নবান্ন থেকে চলছে বিজেপি সরকার। এই আবহে এবার আদানি গোষ্ঠীর একটি প্রতিনিধিদল, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এবং কয়েকজন পদস্থ অফিসারদের সঙ্গে রাইটার্স বিল্ডিংসে গিয়েছিল বলে সূত্রের খবর। ঐতিহাসিক ভবনটির সামগ্রিক অবস্থা, কাঠামোগত সমস্যা এবং সংস্কারের সম্ভাব্য পরিধি সরেজমিনে খতিয়ে দেখা হয়েছে। এই সমীক্ষা করার পর একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করে পাঠানো হবে বলেও জানা যাচ্ছে।
অন্যদিকে রাইটার্স বিল্ডিংস থেকে আগে সরকার চলত। পশ্চিমবঙ্গের পুরনো মানুষজন তা দেখেছেন। আবার মহাকরণ থেকে বামফ্রন্ট সরকারও চলতে দেখেছেন অনেকে। কিন্তু তৃণমূল জমানায় সেখান থেকে সরকার চলেনি। শুরু হলেও পরবর্তী সময়ে নবান্ন থেকে চলত রাজ্য সরকার। এই রাইটার্স বিল্ডিং কোনও সাধারণ সরকারি ভবন নয়। এটা মহানগরীর অন্যতম গুরুত্বপূর্ণ হেরিটেজ স্থাপত্য। সুতরাং সংস্কার করতে গেলে ওই ভবনের ঐতিহাসিক চরিত্র থেকে শুরু করে স্থাপত্যশৈলীতে কোনও পরিবর্তন করা যাবে না। তাই প্রয়োজনীয় অনুমোদন ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই সংরক্ষণ এবং সংস্কারের কাজ করতে হবে। আদানি গোষ্ঠীর প্রস্তাব গৃহীত হলে হেরিটেজ বিধি মেনেই সংস্কার হবে মহাকরণ বা রাইটার্স বিল্ডিংসের।
তাছাড়া এই মহাকরণ সংস্কারের বিষয়টি সরকারিভাবে সামনে আসতে পারে সম্ভবত ২৪ সেপ্টেম্বর বলে সূত্রের খবর। এই ঘোষণা অবশ্য করবেন স্বয়ং আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। তবে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এই রাইটার্স বিল্ডিংসের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসও। ১৭৭৭ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ‘রাইটারদের’ দপ্তর হিসেবে ভবনটি নির্মাণ করা হয়েছিল। করণিক পদে এখানে তখন থেকে বহু মানুষ কাজ করতেন। স্থপতি টমাস লায়নের নকশায় তৈরি রাইটার্স বিল্ডিং ছিল কলকাতার প্রথম তিনতলা ভবন। স্বাধীনতার পর কংগ্রেস সরকার, বামফ্রন্ট সরকার এখান থেকেই চলেছিল। কিন্তু কালের গতিতে ভবনটি এখন ভগ্নপ্রায়। সুতরাং সংস্কার প্রয়োজন। সেটাই করতে চেয়ে আদানি গোষ্ঠী প্রস্তাব দিয়েছে রাজ্য সরকারকে বলে জানা গিয়েছে।