দুর্গাপুজো শুরুর ঠিক আগে কলকাতায় রহস্যমৃত্যু মহিলার। শেক্সপিয়ার সরণি এলাকার একটি বহুতলের নীচ থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে আলোড়ন পড়ে গিয়েছে। যে বহুতলের নীচে ওই মহিলার রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছে, সেটি একটি বাণিজ্যিক বহুতল। সেখানে একাধিক সংস্থার অফিস আছে। ওই বহুতলের ৯ তলার বাসিন্দা এক মহিলাকে নীচে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কেমন করে ওই মহিলার মৃত্যু হল সেটা তদন্ত করে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ওই বহুতলে একটি ব্যাঙ্কের অফিস আছে। সেখানেই চাকরি করতেন এই মহিলা। এখনও পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় সামনে আসেনি। এই ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর মৃত্যু কি নিছক দুর্ঘটনা নাকি এটার পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন প্রথমে ওই মহিলার রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দেন। তারপর ঘটনাস্থল থেকে হাসপাতালে যান পুলিশ অফিসাররা। সেখানে গিয়েও তাঁরা তদন্ত করেন।
বেনিয়াপুকুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। যে জায়গা থেকে দেহ পাওয়া গিয়েছে, সেটি ঘিরে ফেলা হয়েছে। তদন্ত শুরুর পাশাপাশি পুলিশ খবর দেয় ফরেনসিক টিমকে। তাঁরাও এসে ঘটনাস্থল থেকে নানা নমুনা সংগ্রহ করেছে। তবে আসলে কী ঘটেছিল সেটা খোঁজার চেষ্টা করছে পুলিশ। এই মহিলার পরিচয় জানতে পুলিশ ইতিমধ্যেই ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও মহিলার নাম, পরিচয় এবং ঘটনার তদন্তে কী উঠে এসেছে তা খোলসা করা হয়নি।
তাছাড়া ওই মহিলার এমন রহস্যমৃত্যুতে খুন নাকি আত্মহত্যা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলে বিষয়টি অনেকটা স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছে পুলিশ। এমনকী এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার তোড়জোড় শুরু হয়েছে। মহাপঞ্চমীর দিনে এমন ঘটনা নিয়ে মৃত্যুর পিছনে প্ররোচনা আছে কিনা সন্দেহ তৈরি করেছে পুলিশের। নাম, পরিচয় জানার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানা গিয়েছে।