বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে। তবে মঙ্গলবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির দেখা মেলেনি। কিন্তু সকাল থেকেই আকাশের মুখ ভার। মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলায় মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
মঙ্গলবার কলকাতায় সারাদিনই আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
উত্তরবঙ্গের আবহাওয়া
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে এই চারটি জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটর বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই চারটি জেলায় আজ কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় অতিরিক্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি এই তিন জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
বুধবার কালিম্পং ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই তিনটি জেলায় বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রের খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ওড়িশা থেকে ঝাড়খণ্ড হয়ে ছত্তিসগড়ের দিকে সরে গিয়েছে। মুর্শিদাবাদের উত্তরে মৌসুমি অক্ষরেখাটিও সরে গিয়েছে। এর জন্য আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।