ধেয়ে আসছে নিম্নচাপ, ৭০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা, দুর্যোগের ঘনঘটা দক্ষিণবঙ্গে

Heavy Rainfall Photo-IANS

রবিবার সাতসকালেই ঝাঁপিয়ে বৃষ্টি শুরু হয়। তারপর থেকে মেঘলা আকাশে ঢেকে যায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। ঘন অন্ধকারে দুর্যোগ নেমে আসতেই তাপমাত্রা কমে যায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নানা জেলায় ঝড়বৃষ্টি হয়েছে। দফায় দফায় বৃষ্টি যে চলবে সেটা আগাম পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসলে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবার শক্তিশালী হয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে। উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের নানা জেলায় আগামী কদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই কারণে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের সোমবার স্থলভাগে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগরের উপর একটি ঘূর্ণাবর্ত আছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ৭.৬ কিলোমিটার। তার প্রভাবে নিম্নচাপ তৈরি হবে এবং সেটি ধীরে ধীরে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছে সোমবার নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার সেটা পরিণত হবে গভীর নিম্নচাপে। আর বুধবার সকালের মধ্যে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে পৌঁছবে গভীর নিম্নচাপ। তার প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দুর্যোগ চলবে রাজ্যে। সুতরাং দক্ষিণবঙ্গের নানা জেলায় ভারী বৃষ্টি, ঝড় চলবে। কলকাতাতেও প্রাকৃতিক দুর্যোগ চলবে। নানা জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার থেকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। দুর্যোগের সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। চার জেলায় ঝড়বৃষ্টি বেশি হবে। শুক্রবার এবং শনিবার উত্তর ২৪ পরগনায় এবং বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বুধবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে।


তাছাড়া রবিবার কলকাতা, হাওড়া, হুগলি-সহ প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকে আঁধার নেমে এসে ঝেঁপে বৃষ্টি শুরু হয় নানা এলাকায়। দিনভর এমনই পরিস্থিতি থাকবে। সোমবার পরিস্থিতির বিশেষ উন্নতি ঘটবে না। যদিও দুর্যোগের মূল পর্ব শুরু হবে মঙ্গলবার। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে রবিবার সকাল থেকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.১ ডিগ্রি বেশি।