বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বুধবারও হালকা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। মঙ্গলবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় দু-এক পশলা বৃষ্টির দেখা মিলেছে। তবে বুধবার কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। দক্ষিণ ও উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বুধবার কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কলকাতার আবহাওয়া
বুধবার কলকাতায় সাধারণত মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন: ব্যবসায়ীর মাথায় বন্দুক ঠেকিয়ে কোটি টাকা লুট, পোস্তার ঘটনায় গ্রেপ্তার ১
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ওবং মালদা জেলায় দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।