সদ্য দুই শিবির নির্বাচন কমিশনের কাছে নথি জমা দিয়েছে। তৃণমূল কংগ্রেস কার এবং জোড়াফুল প্রতীকের অধিকারী কে? এই প্রশ্নের উত্তর পেতে চায় দুই শিবিরই। এক, মমতা বন্দ্যোপাধ্যায় শিবির। দুই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। তার মধ্যেই ঋতব্রত শিবিরের বহু বিধায়ক মমতা শিবিরের হয়ে হলফনামা জমা দিয়েছেন বলে দাবি করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এমনকী বহু বিধায়ক প্রকাশ্যেই ঋত শিবির ছেড়ে কালীঘাটে পা বাড়িয়েছেন। আর তার মধ্যেই আরও একটি ধাক্কা এল ঋত শিবিরে। শনিবার বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আখরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এদিকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা চলছে। সেখানে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, অন্তবর্তীকালীন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতকের দায়িত্ব পালন করছেন আখরুজ্জামান। আর তাঁদের এই পদের মেয়াদ শেষ হয়েছে ১৮ অক্টোবর। নিয়ম মেনে সেই মেয়াদ শেষ হয়েছে। কিন্তু ঋতব্রত এবং আখরুজ্জামান বেআইনি উপায়ে সুবিধা ও বেতন নিচ্ছেন। এই অভিযোগ তুলে শনিবার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করতে যান মমতা শিবিরের বর্ষীয়ান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। এই খবর চাউর হতেই ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। কিন্তু থানায় কোনও অভিযোগ নেওয়া হয়নি।
অন্যদিকে এই ঘটনার পর শোভনদেব সংবাদমাধ্যমে জানিয়েছেন, থানা থেকে তাঁকে জানানো হয়েছে, গোটা বিষয়টি বিধানসভার অধ্যক্ষের বিষয়। তাই থানা কোনওরকম অভিযোগ নেবে না। তাই এই বিষয়টি নিয়ে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলবেন। আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অস্থায়ী বিরোধী দলনেতা এবং মুখ্য সচেতকের মেয়াদ শেষ হয়েছে। কিন্তু তারপরও তাঁরা সুবিধা এবং বেতন পাচ্ছেন। আমি মনে করি সেটা অপরাধ। পুলিশ অভিযোগ নেয়নি। আমি আমার মতো করে কথা বলব। আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
তাছাড়া বিধানসভা নির্বাচনে তৃণমূল হেরে যাওয়ার বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে টানাপোড়েন হয়। দুটি শিবিরে ভেঙে যায় তৃণমূল কংগ্রেস। তৃণমূল বিধানসভায় বিধায়কদের সই-সহ একটি চিঠি প্রথমে জমা দেয়। সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার কথা উল্লেখ ছিল। কিন্তু সই জাল কাণ্ডের অভিযোগ তুলে ঋতব্রত শিবির অধিকাংশ বিধায়ক নিয়ে পৃথক নাম প্রস্তাব করে। স্পিকার রথীন্দ্রনাথ বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করেন। কিন্তু তার অনেক আগেই ঋতব্রতকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তাই শোভনদেব চট্টোপাধ্যায় মামলা করেন কলকাতা হাইকোর্টে। তখন আদালত যে সময় বেঁধে দিয়েছিল তা শেষ হয়ে গিয়েছে। সুতরাং এখন আর বিরোধী দলনেতা নন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আখরুজ্জামানও মুখ্যসচেতক নন। তবে দু’জনেই ওই পদমর্যাদার বেতন নিচ্ছেন বলে অভিযোগ। তাই থানায় যান শোভনদেব।