চড়চড়িয়ে দাম বাড়ল শাক-সবজির, চালের মূল্য রকেট গতিতে বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস জনতার

Vegetables Price Hike Photo-ANI

উৎসবের মরশুম পেরোতেই শাক-সবজির দাম চড়চড়িয়ে বেড়ে গেল। গৃহস্থরা বাজারে গিয়ে দামের ছ্যাঁকা খেতে শুরু করেছেন। মধ্যবিত্তদের নাভিশ্বাস উঠতে শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আগেই বেড়ে গিয়েছিল। দুধের দামও বেড়েছে দফায় দফায়। তার সঙ্গে বেড়েছে পাউরুটির দাম। গত তিন-চারদিনের মধ্যে খুচরো বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি পাঁচ থেকে ছ’টাকা করে বেড়ে গিয়েছে। এই অবস্থায় এবার শাক-সবজির দাম সেঞ্চুরি স্পর্শ করেছে। আর তার জেরে সংসার চালাতে নাজেহাল অবস্থা আমজনতার। আলু-পটল থেকে মরশুমি সবজি ফুলকপি, বাঁধাকপি সব সবজিরই দাম বেড়েছে ব্যাপক হারে।

এই আবহে টানা বৃষ্টি হয়েছে রাজ্যে। তার জেরে ব্যাপকভাবে শীতকালীন সবজির দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই সেটার প্রভাব দেখাও যাচ্ছে। বেশ কিছু সবজির দাম চড়চড়িয়ে বেড়েছে। আগামী কদিনের মধ্যে প্রত্যেকটি সবজির দাম বাড়বে বলে মত সবজি ব্যবসায়ীদের। ঘূর্ণিঝড় আকভানের জেরে তুমুল বৃষ্টি হচ্ছে রাজ্যজুড়ে। টানা বৃষ্টির জেরে ধান এবং শাক-সবজিতে পচন ধরছে। এটাই সবজির দাম বাড়ার মূল কারণ বলে জানা যাচ্ছে। সুযোগ বুঝে ফড়ে-দালালরাও সুবিধা নিচ্ছে। তাদের শাক-সবজি স্টোর করে বাজারে কৃত্রিম সঙ্কট তৈরির প্রবণতাও সবজির দাম বৃদ্ধিতে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

গত তিন-চারদিনের মধ্যে খুচরো বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি পাঁচ থেকে ছ’টাকা করে বেড়ে গিয়েছে। কম দামের রত্না চালের দাম ছিল কেজিতে ৩৭ থেকে ৩৮ টাকা। সেটা পর্যন্ত বেড়ে হয়েছে ৪২ টাকা। ৫৫ থেকে ৫৬ টাকার মিনিকিট পৌঁছে গিয়েছে ৬০ থেকে ৬২ টাকায়। দুধেশ্বর বা বাঁশকাঠি চালের দামও বেড়েছে একই হারে। চালের রপ্তানি বন্ধ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মত ব্যবসায়ীদের। তার মধ্যে বেগুনের দাম পৌঁছেছে ১০০ টাকা কেজি। পটল, উচ্ছে ৮০ টাকা কেজি। গাজর ১০০ টাকা কেজি, পালং শাক ৬০ টাকা, ফুলকপি ৫০ টাকা, শসা ১০০ টাকা, টমেটো ৬০ টাকা, ঢেঁড়শ ৮০ টাকা, সিম ৮০ টাকা এবং ঝিঙে ১০০ টাকা কেজিতে পৌঁছেছে।


তাছাড়া দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে প্রচুর শীতকালীন সবজি চাষ হয়। এবার আকভান ঘূর্ণিঝড়ের জেরে সেখানেই টানা বৃষ্টির কারণে জমিতে জল জমেছে। তার জেরে কলকাতা-সহ পাশ্ববর্তী এলাকার পাইকারি বাজারগুলিতে সবজি কম আসছে। আর সবজি কম আসছে বলেই বাড়ছে সবজির দাম। এখন আর কত দাম বাড়ে সেই আশঙ্কা ক্রেতা-বিক্রেতা সকলের মনে কাজ করছে।