কৃষক-শ্রমিকদের স্বার্থে রাজ্য সরকার কাজ করবে। বাড়বে মজুরি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের উপর ভরসা রাখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই রাজ্যে ১০০ দিনের কাজের বদলে ১২৫ দিনের কাজ চালু হয়। ভিবি জিরাম জি প্রকল্পে শ্রমিকদের কাজের দিন বেড়ে যায়। কিন্তু মজুরি বাড়বে কি? এই প্রশ্ন ছিল অনেকের মনে। সেটা বুঝতে পেরেই কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার দাবি জানিয়ে তুলে ধরেন যুক্তিও। ওই চিঠিতে এবার মান্যতা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার বলে সূত্রের খবর। ফলে বাড়তে চলেছে মজুরি।
এদিকে ভিবি জি রাম-জি প্রকল্পে পশ্চিমবঙ্গের অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চিঠিকে মান্যতা দিয়ে রাজ্যের গ্রামীণ শ্রমিকদের মজুরি ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৪০৭ টাকা করতে চলেছে মোদী সরকার। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। সুতরাং চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের পরই রাজ্যকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে চিঠি লিখে অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির আবেদন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের শ্রমদপ্তরের জুলাই মাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন রাজ্যের অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারিত হয়েছে ৪০৬ টাকা। ভিবি জিরাম জি প্রকল্পের মজুরি থেকে গিয়েছে ৩০০ টাকায়। তাই এই প্রকল্পেও মজুরি বৃদ্ধির আরজি জানানো হয়েছিল নবান্নের পক্ষ থেকে।
অন্যদিকে এই বিষয়টি নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে আলোচনাও হয়েছে বলে সূত্রের খবর। গত ৮ নভেম্বর বিধাননগরে পঞ্চায়েত ভবনে পর্যালোচনা বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, ১২৫ দিনের কাজ প্রকল্পে অদক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হবে। তবে মজুরি কত টাকা করার প্রস্তাব দেওয়া হবে সেটা তখনও প্রকাশ করেননি তিনি। মুখ্যমন্ত্রীর চিঠির পরই প্রকাশ্যে এল সেই অঙ্ক। কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীকে পাঠানো চিঠিতে দৈনিক ১০৭ টাকা বৃদ্ধি করে মোট মজুরি ৪০৭ করার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে সেটাই হতে চলেছে।
তাছাড়া এই খবর চাউর হতেই অদক্ষ শ্রমিকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এই প্রকল্পের গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, পশ্চিমবঙ্গ-সহ ২১টি রাজ্যে এখন দৈনিক ৩০০ টাকা মজুরি দেওয়া হচ্ছে। সেখানে গোয়া, হরিয়ানা, কেরল এবং সিকিমের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই মজুরি ৪০০ টাকার বেশি। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি জারি হলে পশ্চিমবঙ্গও সেই তালিকায় অন্তর্ভুক্ত হবে। তাতে উপকৃত হবেন রাজ্যের প্রায় ২ কোটি ৩৩ লক্ষ জব কার্ড হোল্ডাররা। এই বিষয়ে পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘আমরাও আশাবাদী। অনেকদিন ধরে এই নিয়ে আলোচনা চলছিল।’