পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিধানসভায় ১০০টি করে অটো-ম্যাজিক ভ্যানের পারমিট মিলবে, জারি বিজ্ঞপ্তি

Auto Permit Photo-SNS

শহর হোক বা গ্রামবাংলা, ছোট রুটে দ্রুত পৌঁছে দেয় অটো অথবা ম্যাজিক ভ্যান। শহরে অটো বেশি দেখা গেলেও গ্রামবাংলাতেও তা আছে। তবে ম্যাজিক ভ্যান বেশি দেখা যায় শহরতলি এবং গ্রামবাংলায়। কিন্তু বহু অটো এবং ম্যাজিক ভ্যান আছে যাদের পারমিট নিয়ে সমস্যা আছে। এবার সেই সমস্যা মিটিয়ে দিতে চলেছে রাজ্য সরকার। তাতে মানুষের যাতায়াতের সুবিধাও হবে। একাধিক এমন রুট আছে যেখানে বাস তেমনভাবে নেই। থাকলেও তা কম। এই আবহে রাজ্যের প্রত্যেকটি বিধানসভা এলাকায় ১০০টি করে নতুন অটো এবং ম্যাজিক ভ্যানের পারমিট দেবে রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্যের পরিবহণ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এই খবর চাউর হতেই যাত্রীদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। একইসঙ্গে আশার আলো দেখছেন চালকরাও। কারণ পারমিট মিললে সহজেই অটো বা ম্যাজিক ভ্যান চালিয়ে রোজগার করা যাবে। এটাও একরকম বড় স্বাধীন কর্মসংস্থানের পথ। বিশেষ করে যাঁরা অটো বা ম্যাজিক ভ্যান চালাতে চান। তার উপর যাঁদের অটো আছে এবং পারমিট নেই তাঁরাও বৈধ হতে পারবেন। সব মিলিয়ে রাজ্য সরকারের এটা একটা বড় পদক্ষেপ। বিশেষ করে প্রান্তিক এলাকায় যোগাযোগ ব্যবস্থা সুগম করতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অটো এবং চার চাকার ম্যাজিক ভ্যানের ক্ষেত্রে প্রস্তাবিত রুট কী হবে, সেটা নিয়ে প্রস্তাব পাঠাবেন জেলার আঞ্চলিক পরিবহণ অফিসাররা।

আর সেটা খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের নানা জেলার সঙ্গে মালদহেও নতুন করে অটো এবং ম্যাজিক ভ্যান নামলে তার প্রস্তাবিত রুট কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। মালদহ উত্তরবঙ্গের মধ্যে পড়ছে। তাই সেখানে এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কিন্তু এই উদ্যোগ সব জেলার ক্ষেত্রেই নেওয়া হচ্ছে। তাই প্রত্যেক জেলাকে অটো এবং ম্যাজিক ভ্যানের রুট ঠিক করে পাঠাতে হবে পরিবহণ দপ্তরে। ইতিমধ্যেই প্রত্যেক জেলার সমস্ত বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক সেরে ফেলেছে জেলা প্রশাসন। তবে এই অটো বা ম্যাজিক ভ্যান কেনার ক্ষেত্রে কোনও সরকারি ভর্তুকি মিলবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়।


তাছাড়া নবান্ন সূত্রে খবর, রাজ্য পরিবহণ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি পেয়েছে প্রত্যেক জেলা। তাতে বলা হয়েছে, প্রত্যেকটি বিধানসভা এলাকার জন্য সর্বোচ্চ ১০০টি অটো এবং চার চাকা ম্যাজিক ভ্যানের পারমিট দেওয়া হবে। পরিবহণ দপ্তরের পোর্টালে আবেদন করতে হবে পারমিটের জন্য। যেখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ, অটো বা ম্যাজিক গাড়ির প্রয়োজন আছে এবং যেখানে অটো বা ম্যাজিক ভ্যান চললে রাস্তায় যানজট তৈরি হবে না, সেটা দেখেই পরিবহণ দপ্তর রুট তৈরি করবে। জনপ্রতিনিধিদেরও প্রস্তাব দিতে বলা হয়েছে।