যাঁদের কাছে নিরাপত্তা পাওয়ার কথা, অভিযোগ তাঁরাই নাকি চূড়ান্ত অসম্মান করেছেন। পরিচয় নিয়ে কটূক্তি, পোশাক খুলে লিঙ্গপরিচয় যাচাইয়ের চেষ্টা, এমনকী ব্যক্তিগত মোবাইলের ছবি ঘেঁটে দেখার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। দুই প্রাপ্তবয়স্ক রূপান্তরকামীর ব্যক্তিগত জীবন ও নিরাপত্তা ঘিরে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট।
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে উলুবেড়িয়া থানার আইসিকে তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই সঙ্গে পুলিশের আচরণের বিরুদ্ধে উচ্চতর পুলিশ আধিকারিকের কাছে অভিযোগ জানানোর নির্দেশও দিয়েছেন তিনি।
মামলার বয়ান অনুযায়ী, উলুবেড়িয়া থানা এলাকায় দুই প্রাপ্তবয়স্ক রূপান্তরকামী ব্যক্তি নিজেদের সম্মতিতে প্রায় আড়াই বছর ধরে একসঙ্গে বসবাস করছেন। গত ১৬ জুলাই তাঁদের এক জনের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে অশান্তি শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের দ্বারস্থ হন ওই দুই ব্যক্তির এক জন। কিন্তু নিরাপত্তা পাওয়ার পরিবর্তে তাঁকে পুলিশের হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ।
আদালতে মামলাকারীদের পক্ষের আইনজীবী কৌশক গুপ্তের অভিযোগ, ওই ব্যক্তিকে পুলিশকর্মীরা বলেন, ‘পোশাক খোল, তুই ছেলে না মেয়ে দেখব।’ শুধু তাই নয়, তাঁর লিঙ্গপরিচয় নিয়ে কটূক্তি এবং হাসাহাসিও করা হয় বলে দাবি। অভিযোগ, তাঁর মোবাইল ফোন নিয়ে গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবিও দেখেন পুলিশকর্মীরা। মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।
এখানেই শেষ নয়। গত ১১ আগস্ট ওই রূপান্তরকামী ব্যক্তির সঙ্গীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন তাঁর মা। এর পাল্টা গত ১৬ সেপ্টেম্বর মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই রূপান্তরকামী ব্যক্তি। দুই পক্ষের অভিযোগের প্রেক্ষিতে মামলাটি গড়ায় হাইকোর্টে।
আরও পড়ুন: হাইকোর্টে স্বস্তি টুলুর, নতুন করে লুক আউট নোটিস নেই! জানাল রাজ্য
আবেদনকারীদের আইনজীবী কৌশিক গুপ্ত আদালতে পুলিশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগের প্রেক্ষিতে উলুবেড়িয়া থানার আইসিকে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে উচ্চতর পুলিশ আধিকারিকের দ্বারস্থ হওয়ার কথাও বলেছেন তিনি। নিরাপত্তা দিতে গিয়ে পুলিশের আচরণই যদি কারও মর্যাদা ও ব্যক্তিগত পরিসরকে প্রশ্নের মুখে ফেলে, তা হলে সেই অভিযোগ খতিয়ে দেখা জরুরি পর্যবেক্ষণ আদালতের।